সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচে কেউ জেতেনি। গতকাল উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক ছড়ানো এই ম্যাচ ড্র হয় ১-১ গোলে। মালদ্বীপের মালেতে জাতীয় ফুটবল স্টেডিয়ামে গোল দু’টি হয় ম্যাচের প্রথমার্ধে। এই ড্র’য়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে নেপালকে পেলো বাংলাদেশ। ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ভুটান।
এদিন দু’দলের লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে ভারত ৩-০তে বাংলাদেশ ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প ছিলো না। তবে ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু। বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধা বোধ করেননি। যোগ করা সময়ের দশম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।দ্বিতীয়ার্ধেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। ৬৩তম মিনিটে বাংলাদেশের ত্রাতা গোলরক্ষক ইসমাইল হোসেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেওয়া ওমাং দুদু শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে হাত বাড়িয়ে বল কর্নার করে দেন তিনি। নিশ্চিত গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ। একটু পর ভারতের স্যামসনকে বক্সের ঠিক ওপর থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। ওমং দুদুর ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। সেই কর্নার ফিরিয়ে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। ৮৭তম মিনিটে রোনানের শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। বাকি সময়ে বাংলাদেশ পায়নি জয়সূচক গোলের দেখা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১লা এপ্রিল বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।
কোচের লাল কার্ড বিতর্ক, বাংলাদেশ-ভারত ম্যাচ ড্র
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
