নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে নিবিড় প্রস্তুতি টাইগারদের

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে নিবিড় প্রস্তুতি টাইগারদের

ফন্ট সাইজ:

ছুটির দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের তেমন আনাগোনা থাকে না। তবে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে মিরপুর স্টেডিয়াম। পাকিস্তান সুপার লীগে খেলা ছয় ক্রিকেটার বাদে জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা। শুধু টেস্ট ফরম্যাট খেলা ক্রিকেটাররাও এই বিশেষ ক্যাম্পে আছেন। নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারকেও ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ১৩ই এপ্রিল নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে এই নিবিড় প্রস্তুতি পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে ২৭শে মার্চ শুরু হওয়া এই ক্যাম্প দেখভাল করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি’র কোচ সোহেল ইসলাম। ক্যাম্পের প্রথমদিকে ফিটনেস, কন্ডিশনিং এবং ফিল্ডিংয়ের ওপর জোর দেয়া হলেও পরের ধাপে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং নিয়ে কাজ করা হবে। পাইপলাইনের শক্তি বাড়াতে ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের ক্যাম্পে ডেকেছেন নির্বাচকরা। এই ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন। এছাড়া পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং জাতীয় ক্রিকেট লীগে ২৭ উইকেট নিয়ে নজর কাড়া বাঁহাতি পেসার রুয়েল মিয়াও ক্যাম্পে ডাক পেয়েছেন। জাকির হাসান, অমিত হাসান ও মুশফিক হাসানও মিরপুরে ঘাম ঝড়াচ্ছেন। তবে বিসিএল ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট সেরা হওয়া মোহাম্মদ নাঈম শেখ ক্যাম্পে জায়গা পাননি। চোট কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়। পিঠের চোটের কারণে সাকিব এবং হাতের চোটের কারণে জয় কিছুদিন মাঠের বাইরে ছিলেন।
টানা খেলার চাপে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না কোচরা। তাই তারা ক্যাম্পে ফিটনেসকে গুরুত্ব দিচ্ছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘বিপিএল, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ, বিসিএল এবং পাকিস্তান সিরিজের কারণে খেলোয়াড়রা খুব টাইট শিডিউলে ছিল। এখন আমরা কিছুটা সময় পেয়েছি। তাই প্রথম সপ্তাহ শুধু ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কাজ হবে, এরপর আমরা স্কিল সেশনে যাবো।’ আগামী ১৩ই এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ই এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে প্রথম দুই ওয়ানডের পর ২৩শে এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ম্যাচ। এরপর ২৭শে এপ্রিল থেকে বন্দরনগরীতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২রা মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন