অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) সমপ্রচার নিষিদ্ধ করা হয়। কিন্তু গতকাল বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সমপ্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ পেলে এ নিয়ে নিজেদের অবস্থান জানায় তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। গতকাল তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সমপ্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে। আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ এ নিয়ে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘বিষয়টি মূলত তথ্য মন্ত্রণালয়ের। যেহেতু ক্রীড়া সম্পর্কিত বিষয় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী করণীয় ঠিক করবো।’ বাংলাদেশের অনেক ক্রীড়াপ্রেমী আইপিএল দেখেন। যুব সমাজকে খেলাধুলায় আকর্ষণ কিংবা বিনোদনের মধ্যে রাখতে ক্রীড়া মন্ত্রণালয় আইপিএল বাংলাদেশে সমপ্রচারের ব্যাপারে ইতিবাচক বলে জানা গেছে। তবে আইপিএল বাংলাদেশে সমপ্রচার হবে কি না এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ই সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত থাকতে পারে। মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে শেষ পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। ক্রিকেটাররা না গেলেও কয়েক দিন পর বাংলাদেশের শুটার ও কোচ দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অনুমতি পান। তারা বেশ ভালো মতোই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশে ফেরেন। মে মাসের শেষ সপ্তাহে ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গত দুই আসরের চ্যাম্পিয়ন। বাংলাদেশ-ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক মাঝে উত্তপ্ত ছিল। এর রেশ ক্রীড়াঙ্গনে পড়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করা পর্যন্ত। ক্রিকেট দল যায়নি ফুটবল দল সাফে অংশগ্রহণ করবে তো? জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাংলাদেশ ফুটবল দলের টুর্নামেন্টে অংশগ্রহণের পক্ষেই মত।
আইপিএল সম্প্রচার নিয়ে যা বলছে ক্রীড়া মন্ত্রণালয়
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
