টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের নিহত ৫ পরিবারে শোকের মাতম

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে পূর্ব নিজপাড়া ও বোয়ালীদহ গ্রামে ৫ জনের মরদেহ পৌঁছায়। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলো-পূর্ব নিজপাড়া গ্রামের হামিদুজ্জামান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) তার ছেলে নীরব মিয়া (১১), আজিজার রহমানের ছেলে সুলতান রহমান (২৫), আবদুর রশিদ মিয়ার মেয়ে রিফা আক্তার (২০) ও বোয়ালীদহ নামাপাড়া গ্রামের দোলা বেগম (২৫)।

নিহততের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সবাই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার গার্মেন্টসে চাকরি করতেন। এরই মধ্যেই ঈদের ছুটি বাড়িতে আসেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেয়ার জন্য শুক্রবার স্থানীয় পচার বাজার থেকে বনশ্রী বাসযোগে টাঙ্গাইলের দিকে রওনা হয়। পথিমধ্যে কালিহাতী এলাকায় বাসটির তেল ফুরিয়ে যায়। এসময় যাত্রীরা অলস সময় পার করতে ট্রেন লাইনে বসে পড়েন। এতে হঠাৎ ট্রেনে কাটা পড়ে ওই ৫ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ বিষয়ে হামিদুজ্জামান মিয়া বলেন, আমার স্ত্রী নার্গিস বেগম গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতেন। এরই মধ্যে আমার স্ত্রী-সন্তান দু’জনে ট্রেনে কাটা পড়ে মারা গেল। এখন আমি কীভাবে বাঁচবো।

সাদুল্লাপুরে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে আমাদের এলাকায় ৫ জন নিহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ইতিমধ্যে শোকাহত পরিবারে খোঁজখবর নেয়া হচ্ছে। পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন