মানুষের কষ্ট হয় এমন কাজ করা যাবে না

দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

মানুষের কষ্ট হয় এমন কাজ করা যাবে না

ফন্ট সাইজ:

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যেসকল নেতাকর্মী আছেন, সারাদেশে আমাদের যেসকল নেতাকর্মী আছেন- আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে। আর আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়- সেই জিনিসিগুলো করা যাবে না। একই সঙ্গে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের ধৈর্য্য ধারণ করানো শেখাতে হবে। ধৈর্য্য ধারণে সহযোগিতা করতে হবে। অনেক কাজ আছে আমাদের।
আমরা কেউ দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না। এব্যাপারে প্রত্যেকটি নেতাকর্মীদের সচেতন সতর্ক থাকতে হবে।
নেতা কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদেরকে চেষ্টা করতে হবে, যাতে সবকিছু স্বাভাবিক থাকে। অফিসে আমি আরও আসবো। কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। অফিসে আসলে নেতা কর্মী সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে এবং সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সবাই যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা ও বিঘ্ন দেয়া যাবে না।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।


A N M Habibullah

২ মাস আগে

ধন্যবাদ জনাব তারেক রহমান।

সৈয়দ নজরুল হুদা

২ মাস আগে

নতুন প্রধানমন্ত্রীকে দলীয় প্রধানমন্ত্রী না হয়ে সর্বদলীয় প্রধানমন্ত্রী হতে হবে।সকলের প্রতি বিশেষ করে রাষ্ট্রীয় কল্যান কামনায় স্টেটসম্যানশীপ কোয়ালিটি অর্জন করতে হবে।

মন্তব্য করুন