শক্তি-সামর্থ্যে যোজন-যোজন পিছিয়ে মৌরিতানিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে লা বোম্বেনেরায় বিরতির পর আর তেমন দ্যুতি ছড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও রদ্রিগো ডি পলের মতো খেলোয়াড়দের নিয়েও আর সুবিধা করতে পারেনি আলবিসেলেস্তেরা। যোগ করা সময়ে এক গোল হজমও করে তারা। তাই ২-১ গোলের জয়ে খুশি হতে পারছেন না কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটিই বাস্তব।’ আর্জেন্টিনা বস আরও বলেন, ‘এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে। আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটি মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নেই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’ খাতা-কলমে দু’দলের টক্কর হয় এক প্রকার সেয়ানে-সেয়ানে। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল নিজেদের পায়ে রাখা আর্জেন্টিনা গোলের দিকে ৭টির মধ্যে ৪টি শট লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, ১১টির মধ্যে সমান ৪টি শট লক্ষ্যে থাকে মৌরিতানিয়ারও। সপ্তদশ মিনিটে এঞ্জো ফার্নান্দেরজের গোলে লিড নেয় আর্জেন্টাইনরা। ৩২তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান বাড়ান নিকো পাজ। আর্জেন্টিনার জার্সি গায়ে এটিই প্রথম গোল এই ২১ বছর বয়সী মিডফিল্ডারের। বিরতির পর মাঠে এসে অল্পের জন্য গোল মিস করেন মেসি। গোলের আক্ষেপে পোড়েন ডি পলও। ভালো কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদা। যোগ করা চতুর্থ মিনিটে মৌরিতানিয়ার একমাত্র গোলটি করেন জর্দান লেফর্ট। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি।
শিষ্যরা এর চেয়েও ভালো খেলতে পারে দাবি করে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘এটি স্পষ্ট যে, আমরা এর চেয়ে আরও ভালো খেলতে পারি, যা আমরা করে এসেছি। যারা খেলেছে, তারা সবাই অবদান রেখেছে। তবে পরিস্থিতি যখন জটিল হয়ে দাঁড়ায়, তখন পারফর্ম করা কঠিন হয়ে পড়ে।’ পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ১লা এপ্রিল ভোরে জাম্বিয়ার বিপক্ষে একই মাঠে খেলবে স্কালোনি শিষ্যরা।
লা বোম্বেনেরায় ফুটবলের জয়জয়কার
বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচের পর এক অদ্ভুত দৃশের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার কাছে হারের পরও মৌরিতানিয়ার ফুটবলারদের চোখেমুখে বিষাদ দেখা যায়নি। বরং ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের বিখ্যাত সমর্থকগোষ্ঠী ‘লা ১২’-এর ড্রামের তালের সঙ্গে কোমর দোলান মৌরিতানিয়ার প্রতিনিধিরা।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অন্তিম মূহুর্তে একটি গোল শোধ করাই ছিল মৌরিতানিয়ার জন্য পরম পাওয়া। ম্যাচের পর লিওনেল মেসির জার্সি চেয়ে নিয়ে সেলফি তোলার আবদারও করেন কয়েকজন। এরপর গ্যালারির উন্মাদনায় মিশে যান আফ্রিকান ফুটবলাররা। লা বোম্বোনেরায় এদিন গ্যালারির কিছু অংশ খালি থাকে। তবে উপস্থিত দর্শকের সঙ্গে উপভোগ্য সময় কাটান আফ্রিকান দেশটির খেলোয়াড়রা। বোকা খেলোয়াড়রা যেভাবে ঘরের মাঠে প্রত্যেক ম্যাচের পর উদযাপন করেন, একইভাবে মৌরিতানিয়ান ফুটবলাররা হাত উঁচু করে অভিবাদনের জবাবও দেন। লা ১২-এর সমর্থকগোষ্ঠীর সঙ্গে গলা মিলিয়ে গানও ধরেন তারা। টিওয়াইসি স্পোর্টস-এর ধারণকৃত ছবিতে দেখা যায়, মৌরিতানিয়ার কিছু খেলোয়াড় লা ১২-এর গানের ছন্দে নাচছেন। সঙ্গে দলের অন্য প্রতিনিধিরাও ছিলেন। বোকার সমর্থকরা গ্যালারি থেকে নীল ও সোনালি জার্সিধারীদের সঙ্গে উন্মাদনায় মাতেন। শেষ দিকে গোল পাওয়ায় মৌরিতানিয়া কোচ আরিৎজ লোপেজ গারাইয়ের মুখে হাসি ছিল।
মৌরিতানিয়াকে হারিয়ে খুশি হতে পারছেন না আর্জেন্টিনার কোচ
স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
