চলতি সপ্তাহে দেশে ফিরছেন বুলবুল

চলতি সপ্তাহে দেশে ফিরছেন বুলবুল

ফন্ট সাইজ:

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুপস্থিতিতে বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে-এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। গতকাল তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন, চলতি সপ্তাহে দেশে ফিরছেন বিসিবি প্রধান। আমিনুল ইসলাম বুলবুলের অনুপস্থিতি বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানান মিঠু। তিনি বলেন, ‘প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং তিনি (বুলবুল) নিয়মিত অনলাইনে আমাদের সাথে যোগাযোগ রাখছেন।’ ঘরোয়া ক্রিকেটের চলমান অস্থিরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। লীগ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে সাবেক এই ক্রিকেটার স্পষ্ট করে বলেন, মাঠের খেলা কোনো অবস্থাতেই বন্ধ থাকা উচিত নয়। খেলোয়াড়দের এই আচরণকে ‘লজ্জাজনক’ বলতে নারাজ তিনি। মিঠু বলেন, ‘এটি লজ্জার বিষয় নয়। তবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি, কোনো বিরোধের কারণে খেলাকে জিম্মি করা ঠিক হবে না। ক্রিকেট অবশ্যই চলতে হবে, আর বাকি সমস্যাগুলো আলাদাভাবে সমাধান করা উচিত।’ ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা দূর করার তাগিদ দিয়ে তিনি ক্লাবগুলোকে খেলোয়াড়দের কল্যাণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। মিঠু বলেন, ‘এটি খেলোয়াড়দের জীবন-জীবিকার বিষয়। শুধু যারা বিপিএল খেলে তারা নয়, অনেক ক্রিকেটার ডিপিএলের ওপর নির্ভর করে। তাই এই প্রতিযোগিতা অবশ্যই যথাসময়ে হতে হবে।’ বোর্ড সভাপতির ভিশন অনুযায়ী ক্রিকেটকে ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণ করার ওপর জোর দেন মিঠু। আম্পায়ার্স কমিটির এই চেয়ারম্যান জানান, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে বড় ম্যাচ ও ইভেন্ট আয়োজন করা হচ্ছে যাতে তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা যায়। তিনি বলেন, ‘সভাপতির লক্ষ্য হলো ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া। আমরা চাই সারা দেশে স্কাউটিং নেটওয়ার্ক বিস্তৃত করতে, যাতে পরবর্তী প্রজন্মের তারকাদের খুঁজে পাওয়া সহজ হয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন