বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বারবার নোটিশ দেয়া সত্ত্বেও খেলোয়াড়দের প্রায় ৩ কোটি টাকার বেশি পাওনা পরিশোধ না করায় ফ্র্যাঞ্চাইজিটির ওপর বিসিবি’র ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলে জানান ইফতেখার রহমান মিঠু। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে এ কথা বলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। বিসিবি পরিচালক জানান, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ১৫ দিনের সময় দিয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়। অন্যান্য দলগুলো সাড়া দিয়ে পাওনা মিটিয়ে দিলেও ঢাকা ক্যাপিটালস তা করেনি। মিঠু বলেন, ‘আমরা অনেকবার চিঠি পাঠিয়েছি। অন্যান্য দলগুলো পেমেন্ট ক্লিয়ার করলেও ঢাকা ক্যাপিটালস তা করতে ব্যর্থ হয়েছে। আমাদের ধৈর্যের একটা সীমা আছে।’ ঈদুল ফিতরের আগে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বিসিবি সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে, এখনো ৩ কোটি টাকার বেশি বকেয়া রয়ে গেছে। বিপিএলের মতো আসরে এমন আর্থিক অস্বচ্ছতা লিগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের টাকা নিয়ে অবশ্য দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ইফতেখার রহমান মিঠু। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজিটির ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং আরও ৫ কোটি টাকার চেক জমা আছে। তিনি বলেন, ‘৬০ দিন পার হয়ে গেছে। যদি তারা আজ-কালের মধ্যে টাকা না দেয়, তবে আমরা আমাদের কাছে থাকা ব্যাংক গ্যারান্টি বা চেক ব্যবহারের মতো বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
ক্রিকেটারদের বকেয়া ইস্যুতে ঢাকা ক্যাপিটালসকে হুঁশিয়ারি বিসিবি’র
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
