সৌদি আরবেই চিরনিদ্রায় শায়িত হলেন বাচ্চু মিয়া

সৌদি আরবেই চিরনিদ্রায় শায়িত হলেন বাচ্চু মিয়া

ফন্ট সাইজ:

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার ছিন্ন ভিন্ন দেহ দেশে পাঠানোর অবস্থা নেই। পরিবারের সম্মতিতে সৌদি আরবেই জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাচ্চু মিয়া। গত শুক্রবার জুমার নামাজ শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদের আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে প্রথম এবং দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের আলনাসফা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে স্থানীয় কিং খালেদ হাসপাতাল মর্গ থেকে নিহতের মরদেহ আল খারিজের জামে মসজিদে নিয়ে আসা হয়। পরে সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফনে অংশ নেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন রিয়াদ লেবার উইংয়ের কর্মকর্তা মুহাম্মাদ রেজা-ই-রাব্বী এবং মোহাম্মদ আলমগীর হোসেন। নিহত বাচ্চুর মামা মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের সম্মতিতে তার লাশ সেখানেই দাফন করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, গত ৮ই মার্চ (রোববার) সৌদি স্থানীয় সময় ইফতারের পূর্ব মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। নিহত অপরজন মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন