ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে জামায়াতের হামলায় স্থানীয় কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা কৃষক দল। দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমান আলী। তিনি এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে বিষয়টি পারিবারিক বিরোধ বলে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ, বিএনপি নেতা মুন্সী কামাল আজাদ মোহন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত কাশেম বিএনপি’র একজন সক্রিয় রাজনৈতিক কর্মী এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তার এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং স্থানীয় রাজনীতিতে ঝিনাইদহ জেলাতে জামায়াত সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জাতীয় নির্বাচনের পর থেকে গত দেড় মাসে দু’জন বিএনপি নেতা কর্মীকে হত্যা করলো। নেতারা অভিযোগ করেন, ঘটনার পর ৩ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ লক্ষ্য করা যাচ্ছে না। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি’র কৃষক দলের নেতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যা করে।
জামায়াতের হামলায় কৃষক দল নেতা নিহত
সংবাদ সম্মেলনে বিএনপি’র দাবি
ঝিনাইদহ প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
