রৌমারীতে বিএনপি’র এক নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। অবৈধ মজুতদারির এই ঘটনাটি এলাকায় মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু জাহানের বাড়িতে ড্রামে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, গরুর গোয়ালঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলের ড্রাম লুকিয়ে রাখা হয়েছে। বিএনপি নেতা আবু জাহানের গোয়ালঘরে এই অবৈধ কারবার চালাচ্ছিলেন তার ছেলে এরশাদুল হক, যিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অবৈধ মজুতদারি ও চড়া দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী, ১০ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় এরশাদুল হক উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন। ঘটনাটিকে শত্রুতামূলক দাবি করে হারুন অর রশিদ বলেন, মোটরসাইকেলের জন্য সামান্য তেল রাখা হয়েছিল। তবে নিজেদের ব্যবহারের জন্য ড্রামভর্তি পেট্রোল কেন রাখা হয়েছিল, সে প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে বিপজ্জনকভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। এ কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।
বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
