ফ্যাসিস্টদের জঞ্জাল মুক্ত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে: আমান

ফ্যাসিস্টদের জঞ্জাল মুক্ত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে: আমান

ফন্ট সাইজ:

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের জঞ্জাল মুক্ত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। দেশে আজ ফ্যাসিস্টদের পরিবর্তে গণতন্ত্র ফিরে এসেছে। গতকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুপুর ১২টায় হযরতপুর ২০ সজ্জা হাসপাতালে তারেক রহমান ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ জয় লাভ করে এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পরে তা বাস্তবায়ন করতে শুরু করেছেন বলেও জানান তিনি। আমান আরও বলেন, ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। এছাড়া মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। খালকাটা কর্মসূচিসহ বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য বিনামূল্যে সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেয়ার জন্য কৃষক কার্ড দেয়া হবে। ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, মানুষ যে প্রতিশ্রুতির জন্য বিএনপিকে ভোট দিয়েছিল তাদের হাতে ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোকাদ্দেস, হাসপাতালে উপস্থিত অন্যান্য ডাক্তার নার্স, এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ অন্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন