জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুত নিয়ন্ত্রণে রাতভর যশোরের বিভিন্ন পেট্রোল পাম্প আকস্মিক পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি কয়েকটি পেট্রোল পাম্পে নানা অনিয়ম পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক এসব পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর একটি ফিলিং স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন। গত শুক্রবার রাত ১১টার পর শহরের ঢাকা রোড তালতলা এলাকায় ‘মেসার্স মনির উদ্দিন আহম্মদ’ ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে ‘মনির উদ্দিন’, ‘চলন্তিকা ফিলিং স্টেশন’ ও ‘যাত্রীক ফিলিং স্টেশন’ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশন দু’টিতে জ্বালানি তেল আমদানি ও বিক্রির রশিদপত্র নিবিড়ভাবে পরীক্ষা করেন। ওই সময় নথিপত্রে নানা অসঙ্গতি ধরা পড়লে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন। রাত ১২টার পরে প্রতিমন্ত্রী খাজুরা বাস স্ট্যান্ড এলাকার রজনীগন্ধা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় সেখানে জ্বালানি তেলের জন্য যানবাহনের লম্বা লাইন ছিল। পাম্পের ম্যানেজার জানান তাদের পাম্পে কোনো তেল নেই। কিন্তু প্রতিমন্ত্রী ক্রয় ও বিক্রয় রশিদ পরিদর্শন করে দেখতে পান এই ফিলিং স্টেশনে তেল মজুত আছে। তিনি তাৎক্ষণিকভাবে পাম্প চালুর নির্দেশ দিলে অপেক্ষমান যানবাহনে জ্বালানি সরবরাহ শুরু হয়। এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম রাতেই ওই ফিলিং স্টেশনটিতে অভিযানে যায়। অভিযানে সহায়তা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তদন্তকালে ফিলিং স্টেশনটিতে মজুত করা বিদেশি লুব্রিকেন্টে আমদানিকারকের সিল না থাকা এবং পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সেইসঙ্গে কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। মন্ত্রীর সরাসরি তদারকি এবং তার দুই ঘণ্টার মধ্যে প্রশাসনের এই দ্রুত অ্যাকশন সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। এদিকে প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। অতিরিক্ত মুনাফা লাভের আশায় সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত করতে একটি মহল তৎপরতা শুরু করেছে। সরকার প্রতিদিন কয়েক কোটি টাকা ভর্তুকি দিয়েও দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
যশোরে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর বিভিন্ন তেল পাম্প পরিদর্শন
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
