ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংকি থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দু’টি ট্যাংকি ও দু’টি গাড়িতে জ্বালানি তেল মজুত করে রাখা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান অবৈধভাবে মজুত করে রাখা ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মজুতকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস ধরে তিনি এসব জ্বালানি মজুত করে আসছিলেন। দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে।
মাটির নিচে ট্যাংকি থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
