কক্সবাজারের টেকনাফে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।
জেলেরা হলেন-মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক (৪০), মো. জাবের মিয়া (২৪)। তারা সবাই শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ গণমাধ্যমকে বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি।’ কীভাবে ঘটনাটি ঘটেছে, সেটি জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
