গ্যালারিতে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ফ্র্যাঞ্চাইজি মালিকরা

পিএসএল

গ্যালারিতে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ফ্র্যাঞ্চাইজি মালিকরা

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসর যেন তার চেনা ছন্দ হারিয়েছে। জ্বালানি সংকট ও ব্যয় কমানোর দোহাই দিয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের সরকারি সিদ্ধান্ত মানতে পারছে না ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এবার সরাসরি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে গ্যালারিতে দর্শক ফেরানোর আবেদন জানিয়েছেন তারা।

আঞ্চলিক অস্থিরতা ও বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল অনুষ্ঠিত হচ্ছে শুধু দুটি ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি সম্প্রতি আরও জানান, এবারের আসর অনুষ্ঠিত হবে কোনো দর্শক ছাড়াই। একই কারণে কোনো ধরণের উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি। সরকারের এই মিতব্যয়িতা নীতির কারণে দর্শকশূন্য গ্যালারি মানতেই পারছেন না দলগুলোর মালিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে তারা হতাশা ব্যক্ত করেন।

বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সহ-মালিক আতিফ রানা বলেন, ‘পিএসএল এখন একটি উৎসব এবং তা মানুষের কারণেই। তবে দর্শক ছাড়া এটি অসম্পূর্ণ লাগে। আমরা সম্মানের সঙ্গে অনুরোধ করছি, স্টেডিয়ামে দর্শক ফেরানোর অনুমতি দেয়া হোক।’
করাচি কিংসের মালিক সালমান ইকবাল এক আবেগঘন এক বার্তায় বলেন, ‘প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি গ্যালারি দেখা আমার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। পিএসএল টিকে থাকে দর্শকদের শক্তিতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দর্শকদের মাঠে ফেরার অনুমতি দিন।’

একই কথা বলেন পেশোয়ার জালমি মালিক জাভেদ আফ্রিদিও কণ্ঠেও। তার ভাষায়, ‘পিএসএল কোটি মানুষের জীবনের অংশ। এটি পুরো জাতিকে এক করে। দর্শকদের রঙ, আবেগ, এসবই আসল শক্তি। তাদের ছাড়া এই লীগের প্রাণ যেন কমে যায়। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, দর্শকদের আবার স্টেডিয়ামে আসতে দেয়া হোক।’ ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলী নাকভির ভাষ্য, ‘তাদের (দর্শকদের) ছাড়া এই লীগ পূর্ণতা পায় না। আশা করি, দ্রুতই দর্শকরা ফিরে আসবে।’

দুই নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেনের মালিকপক্ষ থেকেও একই অনুরোধ জানানো হয়। পিন্ডিজ মালিক আহসান তাহির তো সরাসরিই বলেন, ‘দর্শক ছাড়া ক্রিকেট হয় না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।’ নিজেদের প্রথম ম্যাচের পর হতাশা প্রকাশ করে হায়দরাবাদ মালিক ফাওয়াদ সারওয়ার বলেন, ‘প্রথম ম্যাচেই আমরা দর্শকদের খুব মিস করেছি। মাঠে দল লড়াই করলেও আসল আবেগ আসে গ্যালারি থেকে। আমাদের চাওয়া, স্টেডিয়াম আবার গর্জে উঠুক।’

Md Taslim Kabir

২ মাস আগে

যে দেশে খাবার নাই, তেল নাই, লোকজনের চলাচলের নিরাপত্তা নাই, সেই দেশে ক্রিকেট খেলার দরকার নাই।

মন্তব্য করুন