মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন

ফন্ট সাইজ:

যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার দিনব্যাপী দুই দফায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে মিশন কর্তৃপক্ষ। লন্ডন স্থানীয় সময় সকাল ১১ টায় প্রথম কর্মসূচিতে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় হাইকমিশন ভবনের হল রুমে ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম-এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির ব্যক্তিবর্গ ও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু'র নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নানা বিষয়বস্তু তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দ্বিতীয় দফায় অনুষ্ঠান আয়োজন হয় সন্ধ্যায়। স্থানীয় একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বৃটেনের রাজনৈতিক ব্যক্তি , এমপি বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত হন। এছাড়া লন্ডনস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত , কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজ্নৈতিক দলের সদস্য , শ্রেণি-পেশার সদস্য, শিক্ষার্থী, রেমিট্যান্স যোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের দ্বিতীয় দফায়ও তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্ব শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন