প্রত্যাবর্তনে গোলের পর পেনাল্টি উপহার, মিশ্র অভিজ্ঞতা হোয়াইটের

প্রত্যাবর্তনে গোলের পর পেনাল্টি উপহার, মিশ্র অভিজ্ঞতা হোয়াইটের

ফন্ট সাইজ:

চার বছরের নির্বাসন কাটিয়ে ইংল্যান্ডের জার্সিতে বেন হোয়াইট যখন ওয়েম্বলিতে পা রাখলেন, তখন গ্যালারি ঠিক স্বাগত জানানোর মতো অবস্থায় ছিল না। কাতার বিশ্বকাপের সেই অমীমাংসিত প্রস্থান ও সহকারী কোচের সঙ্গে বাদানুবাদের স্মৃতি ইংলিশ সমর্থকরা এখনও ভোলেনি। সে কারণেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্রয়ে হোয়াইটের প্রত্যাবর্তন হয়ে রইলো অম্লমধুর। প্রথমে তার গোলে উল্লাসে মাতলেও, শেষ দিকে তারই ভুলে উরুগুয়ে পেনাল্টি পেলে দুয়ো ভেসে আসে গ্যালারি থেকে।

২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বে ‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ড দল ছেড়ে চলে যান হোয়াইট। পরে বৃটিশ গণমাধ্যম জানায়, সহকারী কোচ স্টিভ হলান্ডের সঙ্গে কথাকাটাকাটি এ প্রস্থানের নেপথ্যে। টমাস টুখেলের অধীনে দ্বিতীয় সুযোগ পাওয়া এই আর্সেনাল ডিফেন্ডার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেন ৬৯তম মিনিটে। ঠিক যেন এক অভিমানী কিশোর ফিরেছিলেন এক বুক জেদ নিয়ে। ৮১তম মিনিটে তার কাছ থেকেই গোল পায় ইংল্যান্ড। মুহূর্তের জন্য মনে হচ্ছিল, যেন স্বপ্নের প্রত্যাবর্তন সম্পন্ন হচ্ছে। তখন স্পিকারে হোয়াইটের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে শুরু হয় এক অদ্ভুত লড়াই। একদল যখন কড়তালিতে ব্যস্ত, অন্যদলের থেকে তখন ভেসে আসছে তীব্র দুয়োধ্বনি।

তবে নিয়তি হয়তো তখন আরও কঠোর হওয়ার অপেক্ষা করছিল। যোগ করা চতুর্থ মিনিটে ডি-বক্সের ভেতর হোয়াইট ফেদেরিকো ভালভার্দেকে বাধা দিতে গেলে পেনাল্টি হজম করে বসে ইংল্যান্ড। স্পটকিক থেকে সমতাসূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভালভার্দে। কয়েক মিনিট আগেও যে জয়ের নায়ক হতে যাচ্ছিলেন, শেষ বাঁশি বাজার সময় তিনিই হয়ে গেলেন ড্রয়ের দায় কাঁধে নেয়া খলনায়ক।

ম্যাচের পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় টুখেল আক্ষেপ করে বলেন, ‘দর্শকদের এমন আচরণ দুঃখজনক। ও যখন গোল করলো, মনে হচ্ছিল সব মিটে গেছে। তবে ফুটবল নিষ্ঠুর। আমার মতে ওটা পেনাল্টি হওয়ার মতো ফাউল ছিল না।’ সতীর্থের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানান দেড় বছর পর জাতীয় দলে ফেরা হ্যারি ম্যাগুয়েরও। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বলেন, ‘বেন পুরো সপ্তাহজুড়েই ইতিবাচক ছিল। ওর গোলটা ছিল ওর পরিশ্রমের পুরস্কার। ওই পেনাল্টি? হাস্যকর! রক্ষণের কাজে সামান্য শারীরিক সংস্পর্শ হবেই। সেখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’

ইংল্যান্ড ড্র করলেও রাতের অন্য ম্যাচে দাপট দেখায় ইউরোপের অন্য শক্তিশালী দলগুলো। সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৩ গোলের থ্রিলারে জয়ের মালা পড়ে জার্মানি। এবং ২-১ গোলে নরওয়ের বিপক্ষে জয় পায় নেদারল্যান্ডস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন