মদ্যপ অবস্থায় সড়ক দুর্ঘটনা, গ্রেপ্তারের পর জামিন পেলেন টাইগার উডস

মদ্যপ অবস্থায় সড়ক দুর্ঘটনা, গ্রেপ্তারের পর জামিন পেলেন টাইগার উডস

ফন্ট সাইজ:

স্টিয়ারিং হাতে বিশৃঙ্খলার দায়ে ফের অভিযুক্ত হলেন টাইগার উডস। এবার মদ্যপ অবস্থায় ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েন মার্কিন গলফ কিংবদন্তি। পরবর্তীতে জামিন মিললেও এ ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিজের বাড়ির কাছে শুক্রবার একটি দ্রুতগামী এসইউভি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান উডস। এক পর্যায়ে গাড়িটি উল্টে গিয়ে কিছুটা দূরে গিয়ে থামে। পুলিশ জানায়, উডস জানলা দিয়ে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসেন। অলৌকিকভাবে বড় কোনো আঘাত না পেলেও, মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিকের বর্ণনায় ৫০ বছ বয়সী উডস ছিলেন ‘অস্বাভাবিক তন্দ্রাচ্ছন্ন ও বিপর্যস্ত’। দুর্ঘটনার সময় উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে তা প্রাণঘাতী হতে পারত। ব্রেথলাইজার (নিঃশ্বাস পরীক্ষা) টেস্টে শরীরে অ্যালকোহল পাওয়া না গেলেও, উডসের আচরণে স্বাভাবিক ছিল না। তিনি তখন ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বুডেনসিক জানান, তাদের ধারণা যে উডস কোনো ধরনের ওষুধ বা মাদকের প্রভাবে ছিলেন। তবে তার গাড়িতে কোনো ওষুধ পাওয়া যায়নি। উডস পরীক্ষা করতে রাজি না হলে তিনি ঠিক কিসের প্রভাবে ছিলেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
ফ্লোরিডার নতুন কার্যকর হওয়া ‘ট্রেনটন আইন’ অনুযায়ী, পরীক্ষার নমুনা দিতে অস্বীকার করা এখন গুরুতর অপরাধ। উডসের বিরুদ্ধে বর্তমানে তিনটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো (ডিআইইউ), সম্পত্তির ক্ষয়ক্ষতি ও আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতি জানানো। অন্তত আট ঘণ্টা হাজতবাসের পর শুক্রবার রাতে জামিনে মুক্তি পান তিনি। উল্লেখ্য, ২০০৯-এর যৌন কেলেঙ্কারির ঘটনা এবং ২০১৭ ও ২০২১-এর সড়ক দুর্ঘটনার পর এটি উডসের ক্যারিয়ারের চতুর্থ বড় কোনো ধাক্কা।

এই দুঃসময়ে উডস পাশে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প বলেন, ‘সে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন অসাধারণ মানুষ। সে এখন কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমি এর বেশি কিছু বলতে চাই না।’

পরবর্তী মাস্টার্সে ফেরার স্বপ্ন যখন উঁকি দিচ্ছিল, ঠিক তখনই এ ঘটনা উডসের ক্যারিয়ারকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিলো। ২০১৭তেও একবার নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন উডস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন