থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-১ এ স্বর্ণপদক জিতলো বাংলাদেশ আরচারি দল। গতকাল কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারিয়ে বাংলাদেশকে এ সাফল্য এনে দেন নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড় ও ঐর্শ্বয রহমান। আরচারির কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক। এদের নিয়ে এবার অলিম্পিকে যেতে চান বাংলাদেশের হেড কোচ মার্টিন ফ্রেডরিখ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি। বাংলাদেশের কোচ বলেন, ‘অলিম্পিকের জন্য নতুন আশা জাগাচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। আমার লক্ষ্য ২০২৮ অলিম্পিকের মূলপর্বে জায়গা নিশ্চিত করা। আশা করি, এশিয়া কাপ ও বিশ্বকাপে সাফল্যের এ ধারা বজায় থাকবে।’ স্বর্ণজয়ী হিমু বাছাড়ের মূল লক্ষ্যও অলিম্পিক। তিনি বলেন, ‘যেহেতু অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট যুক্ত হয়েছে।
সে হিসেবে অলিম্পিকে মূল ফোকাসটা রাখবো। এশিয়ান গেমসেও চোখ থাকবে।’ কম্পাউন্ড ইভেন্টে ২০২১ সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপের স্টেজ-১ এর ফাইনালে ওঠে বাংলাদেশ। ওইবার দক্ষিণ কোরিয়ার কাছে হেরে আক্ষেপে পুড়তে হয়। তবে এবার আর বাংলাদেশকে হতাশ হতে হয়নি। ভিয়েতনামকে হারিয়ে দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো সোনা জিতলো বাংলাদেশ। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দলগত ইভেন্টে দুবার রৌপ্য পেয়েছিল, তবে কখনও স্বর্ণ জেতেনি। এই কীর্তি এবারই প্রথম গড়লো লাল-সবুজ প্রতিনিধিরা। ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেট ৫৭-৫৫ ব্যবধানে জিতে নেন হিমুরা। পরের
সেটেও বাজিমাত বাংলাদেশের। দ্বিতীয় সেট ৫৮-৫৬ ব্যবধানে জিতে নেন হিমু-রাকিবরা। টানা দুই সেট হারা ভিয়েতনাম তৃতীয় সেটে ঘুঁরে দাঁড়ায়। ৫৮-৫৭ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় সেটটি নিজেদের করে নেয়। তবে চতুর্থ সেটে ৫৯-৫৬ ব্যবধানে জিতে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালের আগে সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টের ব্যবধানে হারান হিমু-রাকিবরা। চার সেটের লড়াইয়ে প্রথম তিন সেটেই দাপট দেখায় বাংলাদেশ (৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬)। শেষ সেটে ভুটান ১ পয়েন্টে জিতলেও (৫৬-৫৭) তা কেবল ব্যবধান কমায়।এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ২৩১-২৩১ পয়েন্টে ড্র হওয়ার পর শুট-অফে ৩০-২৭ ব্যবধানে জিতে সেমিতে পা রাখে লাল-সবুজ প্রতিনিধিরা।
সাম্প্রতিককালে রিকার্ভ ইভেন্টে তেমন সাফল্য না এলেও কম্পাউন্ড ইভেন্টে সাফল্য পাচ্ছেন বাংলাদেশের আরচাররা। গতবছর নভেম্বরে ঢাকায় হওয়া এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্যপদক জেতেন হিমু বাছাড়-বন্যা আক্তার জুটি এবং কম্পাউন্ড নারী একক ইভেন্টে ব্রোঞ্জ জেতেন কুলসুম আক্তার মনি। সাফল্যের সেই ধারা বজায় রইলো থাইল্যান্ডে। কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণ জেতার পর অনুভূতি জানিয়ে হেড কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘অবশ্যই আমি খুশি। আমরা ভিয়েতনামকে শেষ মিলিমিটার সুযোগও দেইনি।’ সাফল্যের নৈপথ্যের কারণ জানতে চাইলে জার্মান কোচ বলেন, ‘এখানে আসার আগে আমরা দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দলের একের অপরের সঙ্গে ভালো বোঝাপড়া ছিল। শেষ তিন-চার সপ্তাহ দলের সবাই অনেক কষ্ট করেছে।’
এবারের এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে অংশ নেন ১০ আরচার। এদের মধ্যে
পুরুষ ৬ জন, নারী ৪ জন। দক্ষ আরচার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা হয়নি। অন্য তিন বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হারে
থাইল্যান্ডের কাছে। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে। গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভের ব্যক্তিগত বিভাগে স্বর্ণ জেতেন
বাংলাদেশের আবদুর রহমান আলিফ। এবার শেষ ষোলো থেকেই বিদায় নেন তিনি।
এশিয়া কাপ আরচারি
কম্পাউন্ডে ইতিহাস গড়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
