ভিয়েতনামের হতাশা সঙ্গী করে সিঙ্গাপুরে জামাল-হামজারা

ভিয়েতনামের হতাশা সঙ্গী করে সিঙ্গাপুরে জামাল-হামজারা

ফন্ট সাইজ:

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুরে পৌঁছান জামাল ভূঁইয়া-হামজারা। এর আগে ঢাকায় নিজেদের প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হারে বাংলাদেশ। শেষ ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার হলেও র‌্যাঙ্কিংয়ের দিক থেকে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লাল-সবুজদের জন্য। ৩১শে মার্চ অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। ইতিমধ্যে সিঙ্গাপুর মূল পর্ব নিশ্চিত করায় তাদের জন্য ম্যাচটি তেমন চাপের নয়। তবে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ, যা ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকং উভয়েরই পয়েন্ট হবে সমান ৮। সে ক্ষেত্রে গ্রুপের অবস্থান নির্ধারণে হিসাব-নিকাশ আরো জমে উঠবে। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ। তবে এই ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেননি ফুটবলাররা। বিশেষ করে তপু বর্মণের পরিবর্তে সেন্ট্রাল ব্যাকে খেলা শাকিল আহাদ তপু একেবারে ব্যর্থ হয়েছেন। ক্লাবহীন আরেক ডিফেন্ডার তারিক কাজীকেও ফিট মনে হয়নি।
পরিকল্পনায় গলদ ছিলো হাভিয়ের কাবরেরার। এমন গতিশীল প্রতিপক্ষের বিপক্ষে হাই-লাইন ডিফেন্ডিং করেছে বাংলাদেশ। এখানেই ভিয়েতনামের ফুটবলারদের গতির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। এক সাদউদ্দিন ছাড়া কেউ ডিফেন্সে তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই পাশে জায়ান আহমেদ ফাহমিদুল ইসলামও ছিলেন নিস্প্রভ। তবে ইনজুরি থেকে ফেরা হামজা চৌধুরী ও শমিত সোম চেষ্ঠা করেছেন। তবে রাকিব হোসেনের অনুপস্থিতে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া মিরাজুল ইসলাম হতাশ করেছেন। পুরো ম্যাচে বলার মতো আক্রমন বাংলাাদেশ করতে পেরেছে দুটি। যার একটি শমিত সোমের শট ডানদিকে ঝাপিয়ে পরে রক্ষা করেছেন ভিয়েতনামের গোলরক্ষক। আরেকটি সোহেল রানার শটি অল্পের জন্য ক্রসপিচের উপর দিয়ে বাইরে গেছে। তবে স্বস্তির খবর হলো সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুরো ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। শুরুতে নিজের পজিশন হোল্ডিং ডিফেন্ডার হিসেবে খেললেও পরে আক্রমণে উঠে গোল করার চেষ্টা করেছেন। কাবরেরার লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে মিশন শেষ করার। তবে ভিয়েতনামের বিপক্ষে দলের যে চিত্র ফুটে উঠেছে তাতে ভালো কিছু হওয়ার প্রত্যাশা হয়তো ছেড়েই দেবে সমর্থকরা। ভিয়েতনামের বিপক্ষে আগের তিন ম্যাচে বাংলাদেশের কোনো জয় ছিল না। তিন ম্যাচের দুটি ড্র করে একটি হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছিল বিশ্বকাপ বাছাইয়ে। দীর্ঘ ২৫ বছর পর দলটির বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ হজম করলো ৩ গোল। হারের ব্যবধান কমেছে- বাংলাদেশের সান্ত্বনা হতে পারে এটাই। এই সান্ত্বনা নিয়ে গতকাল ভোরের ফ্লাইটে সিঙ্গাপুর পৌছেছে বাংলাদেশ দল। সেখানে তিন দিন অনুশীলনের পর মাঠে নামবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন