পিএসএলে নাহিদ রানা শরীফুলদের মুখোমুখি রিশাদরা

পিএসএলে নাহিদ রানা শরীফুলদের মুখোমুখি রিশাদরা

ফন্ট সাইজ:

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে কোনো আসরে একসঙ্গে একাধিক বাংলাদেশি তারকার উপস্থিতি খুব একটা দেখা যায় না। তবে পাকিস্তান সুপার লীগের এবারের আসরটা ব্যতিক্রম। রেকর্ড ছয় বাংলাদেশি ক্রিকেটার খেলছেন এবারের পিএসএলে । লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজ দলের মুখোমুখি হবে চলতি আসরে ‘মিনি বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি’ খ্যাত পেশোয়ার জালমি। এই দলে আছেন তিন জন টাইগার ক্রিকেটার। তারা হলেন পেসার নাহিদ রানা, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও ওপেনার তানজিদ হাসান তামিম।
এবারের পিএসএলের নতুন দুই দলের একটি রাওয়ালপিন্ডি পিন্ডিজ। তারা নিলাম থেকে তিন কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে দলে নেয়। নিজেদের প্রথম ম্যাচে চার বিদেশির একজন হিসেবে এ বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজাতে পারে পিন্ডিজ। বাকি তিন সম্ভাব্য বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস, ওসমান খাজা ও ড্যারিল মিচেল। আর পেশোয়ার জালমির একাদশে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। তাদের বাকি তিন বিদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেতে পারেন কুশল মেন্ডিস, মাইকেল ব্রেসওয়েল ও অ্যারন হার্ডি।
পিএসএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতান দুই বাংলাদেশি ক্রিকেটার। অভিষেক হয় বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনের। চার নম্বরে ব্যাট করতে নেমে এক ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন তিনি। ইকোনোমিক্যাল বোলিং করেন আরেক টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন