ভুটান লীগে এবারো বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার

ভুটান লীগে এবারো বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার

ফন্ট সাইজ:

গত বছর ভুটানের ঘরোয়া নারী ফুটবল লীগে খেলেছিলেন বাংলাদেশের ১৫ জন। নতুন মৌসুমেও বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার দেখা যাবে ভুটানের ঘরোয়া লীগে। এরই মধ্যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি শুরু করেছে ভুটানের ক্লাবগুলো। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার খেলবেন পারো এফসিতে। বৃহস্পতিবার ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের এই ডিফেন্ডার। মাসুরা পারভীন বলেন, ‘ক্লাবটির চুক্তিপত্রে সই করেছি। আরো কয়েকজন পারো এফসিতে যাবেন। গতবার ওই দলে খেলা মনিকা চাকমাও নাকি খেলা নিশ্চিত করেছেন।’ তবে মনিকা চাকমা বলেছেন, ‘পারো এফসি থেকে প্রস্তাব পেয়েছি। এর বেশি কিছু হয়নি। শুনেছি এপ্রিলের শেষের দিকে লীগ হবে।’ গত মৌসুমে পারো এফসিতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এই ক্লাবটি সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণাকে এবারও পেতে চাইছে। তাদের নজরে বাংলাদেশের ৯ ফুটবলার। গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড সাগরিকা ও সেন্টারব্যাক কোহাতি কিসকুও রয়েছেন ক্লাবটিতে যোগ দেয়ার অপেক্ষায়। তবে একটি সূত্র জানিয়েছে, ঋতুপর্ণার বিষয়টি এখনো ঝুলে আছে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায়। গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগেও। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন