বিশ্বকাপ থেকে ১ ম্যাচ দূরে ইতালি

বিশ্বকাপ থেকে ১ ম্যাচ দূরে ইতালি

ফন্ট সাইজ:

দুই দু’টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকা ইতালির সামনে এবার সুযোগ । বিশ্বকাপের মূলপর্ব থেকে স্রেফ এক ম্যাচ দূরে চারবারের চ্যাম্পিয়নরা। বেরগামোতে বৃহস্পতিবার ইউরোপিয়ান প্লে-অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপের মূলপর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আজ্জুরিরা।
ম্যাচের আগে ইতালিয়ান কোচ গেনারো গাত্তুসো তার স্নায়ুচাপের কথা স্বীকার করেন। কেননা, এই ম্যাচে হারলেই বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতো। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। মাঠের লড়াইয়ে গাত্তুসোর চাপের প্রতিফলন দেখা যায় বিরতির আগে পর্যন্ত। একের পর এক আক্রমণ করেও ডেডলক ভাঙতে পারছিলো না ইতালিয়ানরা। অবশেষে ৫৬তম মিনিটে গ্যালারিকে উল্লাসে মাতান সান্দ্রো তোনালি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে তার মাপা শট জালে জড়ায়। এর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দ্বিগুণ
করেন মোয়েজ কিন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন সেখানেই ভেঙে যায়। ২০১৪’র পর আর বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। এক যুগের অপেক্ষা ঘোচাতে এখন কেবল একটি জয় থেকে দূরে তারা। আগামী ৩১শে মার্চ প্লে-অফ ফাইনালে আজ্জুরিদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, যারা অন্য সেমিতে ওয়েলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। গাত্তুসো বলেন, ‘গোল পাওয়ার পর আমাদের ওপর থেকে সব মানসিক চাপ নেমে গেছে এবং
আমরা আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করতে পেরেছি। আমরা একটি ভালো পারফরম্যান্স উপহার দিয়েছি। এই জয়টি মঙ্গলবারের (ফাইনাল) ম্যাচের জন্য আমাদের আত্মবিশ্বাস যোগাবে। আমাদের জিততেই হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’ শুধু ইউরোপেই নয়, বিশ্বকাপের বাকি থাকা ছয়টি টিকিটের জন্য লড়াই চলছে বিশ্বজুড়ে। ইউরোপিয়ান পাথে ইতালি ছাড়াও ফাইনালে উঠেছে সুইডেন, পোল্যান্ড, কসোভো, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। অন্যদিকে, মেক্সিকোর মাটিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে সুরিনামকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইরাক। আর জ্যামাইকা লড়বে ডিআর কঙ্গোর বিপক্ষে। আগামী ৩১শে মার্চের এই ছয়টি ফাইনাল ম্যাচের পরই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ৪৮টি দল।
ইউরোপিয়ান প্লে-অফ ফাইনাল
বসনিয়া ও হার্জগোভিনা-ইতালি
সুইডেন-পোল্যান্ড
কসোভো-তুরস্ক
চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনাল
ডিআর কঙ্গো-জ্যামাইকা
ইরাক-বলিভিয়া

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন