অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা সেইদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে। আমাদেরকে ভালো করে সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে, স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানেই আমাদের সাফল্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা সবাই খুব আশাবাদী, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন, এসে নেমেই কি বললেন- আই হেভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না। বললেন যে, আই হেভ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরে পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন-সব কাজ শুরু হয়ে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমান যেরকম একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে, এই মাত্র সাড়ে তিন বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বোটমলেস বাস্কেট থেকে একটা একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তারই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন।
