শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ছবিটি দেখে প্রশংসা করছেন। আবার অনেকে বলছেন, এটা জগাখিচুড়ি হয়েছে। হল থেকে বের হয়ে অনেক দর্শককেই ছবিটি নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই বলেছেন, ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল তার সিকিভাগও পূরণ হয়নি। অনেকের মতে, নির্মাণের দুর্বলতার কারণেই দর্শক নেগেটিভ রিভিউ দিচ্ছে। যেখানে গত দুই ঈদে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছে, সেখানে এ বছরের ঈদে ‘প্রিন্স’ নিয়ে আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ছবিটির ভিএফএক্স, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, নির্মাণের মুন্সিয়ানার অভাব- এ বিষয়গুলোকেই ছবিটির এমন অবস্থার জন্য দায়ী করছেন দর্শক। পাশাপাশি অন্য জটিলতাও রয়েছে। যেমন ছবিটি সিনেপ্লেক্সে ঠিকভাবে প্রথমে মুক্তিই দেয়া যায়নি। মূলত ডিসিপি জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম তিনদিন চালানো যায়নি ‘প্রিন্স’। যার ফলে অন্য ছবিগুলো থেকে পিছিয়ে পড়ে ‘প্রিন্স’। পাশাপাশি অন্য অনেক হলেও একই অবস্থা তৈরি হয়। ফলে ঈদের সবচেয়ে আলোচনায় থাকা ছবিটি বেশ কোণঠাসা অবস্থায় পড়ে। এদিকে, সম্প্রতি ফেসবুকে এক পোস্টে ছবিটি চালানো নিয়ে হতাশা প্রকাশ করেন ‘প্রিন্স’ পরিচালক আবু হায়াত মাহমুদ। শাক দিয়ে মাছ ঢাকার মতো করেই তিনি ছবিটিকে ধ্বংস করা হচ্ছে বলেও এক পোস্টে জানান। পরিচালক লিখেছেন, সীমান্ত সম্ভার, ধানমণ্ডি শাখার ১টা ৫০ মিনিটের হাউজফুল শো’র টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনাদের এসি নষ্ট। আজকে তো (বৃহস্পতিবার) ঠিক হবে না, কালও ঠিক হবে কিনা জানে না। এটা শুধু প্রিন্স’র সঙ্গেই সম্ভব। আপনারাই বলুন। আর কী বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার!
তবুও সিনেমা ধ্বংস করার অভিযোগ পরিচালকের
স্টাফ রিপোর্টার
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
