খেলার কথা ঘরের মাঠে, অথচ নিজের দেশের স্টেডিয়ামেই প্রবেশাধিকার পেলেন না ভারতীয় ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা! বকেয়া পরিশোধ না করার জেরে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের গেটে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েছেন ভারত কোচ খালিদ জামিল এবং আশিক কুরুনিয়ানের মতো ফুটবলাররা। এমন নজিরবিহীন ঘটনার জেরে পরে বাতিল হয়ে যায় নির্ধারিত সংবাদ সম্মেলনও।
আগামী ৩১শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে নামবে ভারত। সেই ম্যাচের প্রস্তুতি ও সংবাদ সম্মেলনের জন্য কোচ জামিল, ফুটবলার সাহাল আবদুল সামাদ ও বিজয় বর্গিসরা স্টেডিয়ামে পৌঁছালে তাদের আটকে দেয় ‘গ্রেটার কোচি ডেভেলপমেন্ট অথরিটি’র (জিসিডিএ) নিরাপত্তাকর্মীরা। জানা গেছে, আয়োজক কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) স্টেডিয়াম কর্তৃপক্ষকে বাধ্যতামূলক নিরাপত্তা ডিপোজিটের অর্থ পরিশোধ করেনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে রয়টার্স বলছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) মুখপাত্র জানিয়েছে, জওহরলাল নেহেরু স্টেডিয়ামের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ডিপোজিটের অর্থ কেএফএ রাজ্য কর্তৃপক্ষকে পরিশোধ করেনি।
কোচির এই স্টেডিয়ামে এমন ঘটনা নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতেও ইন্ডিয়ান সুপার লীগের (আইএসএল) ক্লাব কেরালা ব্লাস্টার্সও একই কারণে ঝামেলায় পড়ে। জিসিডিএ ও কেএফএ-র ঝামেলায় এবার জড়ালো জাতীয় দলও। ভারতের জন্য হংকং ম্যাচটি শুধুই নিয়মরক্ষার, কারণ এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার আশা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবুও জাতীয় দলের সম্মানের প্রশ্নে এমন ঘটনা বড় বিতর্ক উসকে দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কেএফএর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ীই ভারত-হংকং ম্যাচটি অনুষ্ঠিত হবে।
