এক অভিনব নিয়ম চালু করলো পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। একাদশ আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল এক বিচিত্র দৃশ্য। লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের দুই অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও মার্নাস লাবুশেন টস করতে নামলেন হাতে দু’টি করে একাদশের তালিকা নিয়ে। অর্থাৎ, এক ম্যাচের জন্যই জমা পড়লো চারটি আলাদা একাদশ! এখন থেকে এমন দৃশ্য দেখা যাবে প্রতি ম্যাচেই। নতুন নিয়মানুযায়ী, টসের আগে ম্যাচ রেফারির কাছে দু’টি একাদশ জমা দিতে পারবেন অধিনায়কেরা। এবং টসের পর সেখান থেকে তারা একটি একাদশ চূড়ান্ত করতে পারবেন।
পিএসএলের ‘খেলোয়াড় মনোনয়ন ও পরিবর্তন’ বিভাগের নতুন ধারা (১.২.১) চালু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘টসের আগে প্রত্যেক অধিনায়ক পিএসএল ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে দুটি ভিন্ন একাদশ জমা দিতে পারবেন। প্রতিটি একাদশে অবশ্যই ১১ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডার থাকতে হবে (ধারা ১.২.৫ সাপেক্ষে)। টসের পর প্রত্যেক অধিনায়ককে নির্বাচিত দলের তালিকায় স্বাক্ষর করে জমা দেয়া দুটি একাদশের মধ্যে একটিকে চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত একাদশ মনোনীত হলে প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি ছাড়া ম্যাচ শুরুর আগে নির্বাচিত একাদশে তালিকাভুক্ত কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।’
মূলত, এশিয়ার দেশগুলোতে রাতের ম্যাচে শিশির বা ‘ডিউ ফ্যাক্টর’ প্রায়ই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বল ভিজে গেলে স্পিনারদের গ্রিপ করা কঠিন হয়ে পড়ে, যা বোলিং দলের জন্য বড় অসুবিধা তৈরি করে। এই নতুন নিয়মের ফলে টসের ওপর নির্ভরতা কমবে। দলগুলো আগে বা পরে বোলিং করার ওপর ভিত্তি করে অতিরিক্ত স্পিনার বা পেসার নেয়ার সুযোগ পাবে। এমনকি ব্যাটিং লাইনআপকেও প্রয়োজন অনুযায়ী শক্তিশালী করে নেয়া যাবে।
উদ্বোধনী ম্যাচেই এ নিয়মের প্রয়োগ দেখা গেলেও, আবহাওয়া মেঘলা থাকায় শিশিরের খুব একটা প্রভাব পড়েনি। তবে লাহোর কালান্দার্সের ১৯৯ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৩০ রানেই থমকে যায় নবাগত দল হায়দরাবাদ কিংসমেন। পিএসএলের এই উদ্ভাবন কতটুকু কার্যকর হয়, এখন সেটি দেখতেই মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

Andalib
২ মাস আগেAdd one more thing. If any sixer goes more than 100 meters, it should be declared "8" instead of "6" . It is better to add some spices in T20s.