পাকিস্তান সুপার লীগে (পিএসএল) অভিষেকটা মনের মতো হয়নি পারভেজ হোসেন ইমনের। লাহোর কালান্দার্সের হয়ে ১৩ বলে ১৪ রান করেন টাইগার ব্যাটার। তবে দলের হয়ে দ্যুতি ছড়ান মোস্তাফিজুর রহমান। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে সবচেয়ে কম রানের খরচে ১ উইকেট নেন এ টাইগার পেসার। আসরে নিজেদের প্রথম ম্যাচে ৬৯ রানের জয় তুলে নেয় লাহোর। তবে এদিন সব ছাপিয়ে আলোচনায় বলের রঙ বদলে যাওয়ার ঘটনা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ২০ ওভার খেলে স্রেফ ১৩০ রানই তুলতে পারে হায়দরাবাদ। ৪ ওভার বল করে স্রেফ ১৯ রানের খরচে ইরফান খানের উইকেট নেন মোস্তাফিজ। এ বাঁহাতি পেসারের ইকোনোমি (৪.৭৫) শুধু নিজের দলের নয়, দু’দলের বোলারদের মধ্যেই সর্বনিম্ন। এছাড়া ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, সিকান্দার রাজা ও হারিস রউফ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস লাবুশেন। এর আগে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদ বোলারদের তুলোধুনো করেন প্রায় প্রত্যেকেই। লাহোরের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ফখর জামান। ১৯ বলে ৩০ রান আসে মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে। সিকান্দার রাজার (১০ বলে ২৪) ক্যামিওর পর হাত খোলেন হাসিবুল্লাহ খান (২৮ বলে ৪০*) ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি (২ বলে ১২*)।
তবে এদিনের ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় অন্য ঘটনা। লাহোর ও হায়দরাবাদ ম্যাচে ব্যবহৃত সাদা বল ক্রমেই রঙ বদলে হয়ে যায় লালচে, হালকা গোলাপিও বলা চলে! এই ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। এ কারণে ১৫ ওভার পর বলও পাল্টাতে হয়। মূলত হায়দরাবাদ মেরুন রঙের জার্সির দিকেই আঙুল উঠছে। ধারণা করা হচ্ছে, ফিল্ডাররা বল উজ্জ্বল করতে জার্সিতে ঘষার ফলে পোশাকের রঙ লেগে সাদা বলের চেহারা বদলে যায়। হায়দরাবাদ অধিনায়ক লাবুশেন জানান, দ্বিতীয় ওভারেই তিনি আম্পায়ারদের বিষয়টি অবহিত করেন। শেষ পর্যন্ত ১৫ ওভার পর বল পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়াররা।
ম্যাচে হারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করতে ছাড়েনি হায়দরাবাদ। লাহোরকে অভিনন্দন জানিয়ে তারা লেখে, ‘নিজেদের প্রথম পিঙ্ক বলের ম্যাচ জেতার জন্য অভিনন্দন।’ হারিস রউফ গ্যালারির আসনের রঙের কথা বললেও, সব ছাপিয়ে এখন আলোচনায় হায়দরাবাদের নিম্নমানের জার্সি। আগামী রোববারের ম্যাচের আগেই এ অদ্ভুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন লাবুশেন।
