কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এজেন্ট সংখ্যা নিয়ে মতবিরোধের জেরে নির্ধারিত সময়ের ১৮ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ওই কেন্দ্রে ৭টা ৪৮ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।
জানা গেছে, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ২৯৩ জন। সেই অনুযায়ী কেন্দ্রটির দুটি কক্ষে চারটি বুথ স্থাপন করা হয়। দলীয় প্রার্থীদের এজেন্টদের অভিযোগ, প্রতি বুথে প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট দেয়ার কথা। তবে প্রিজাইডিং অফিসার প্রতি কক্ষে একজন করে এজেন্ট রাখার কথা বলেন। এ নিয়ে কেন্দ্রের সব প্রাণীর এজেন্টদের সঙ্গে প্রিজাইডিং অফিসারের মতবিরোধ সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রের বাইরে পুরুষ ও নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
বিএনপির প্রার্থীর এজেন্ট মতিউর রহমানসহ অন্যান্য প্রার্থীর এজেন্টরা বলেন, প্রতি বুথে একজন করে এজেন্ট থাকার নিয়ম রয়েছে। কিন্তু প্রিজাইডিং অফিসার তা মানেননি বলেই শুরুতে জটিলতা তৈরি হয়।
প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম বলেন, যেহেতু একই কক্ষে দু’টি করে বুথ স্থাপন হয়েছে, তাই বলেছিলাম কক্ষপ্রতি একজন এজেন্ট দেয়ার কথা। এ নিয়ে একটু দেরি হয়েছে। পরে বিষয়টি সমাধান করে নিয়ম অনুযায়ী এজেন্ট নির্ধারণ করা হলে ভোটগ্রহণ শুরু হয়। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
উল্লেখ্য, এ কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১২০ এবং নারী ১ হাজার ১৯২ জন।
