‘বিসিবিতে দেখা যেতে পারে মাশরাফিকে’

‘বিসিবিতে দেখা যেতে পারে মাশরাফিকে’

ফন্ট সাইজ:

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবেশ ছিল বেশ অন্য রকম। স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ ঘিরে সাবেক ক্রিকেটারদের এক আনন্দঘন মিলনমেলা বসেছিল। উৎসবের এই আমেজের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি’র সহ সভাপতি ফারুক আহমেদ। পুরনো স্মৃতির পাশাপাশি উঠে আসে দেশের ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপট। বড় প্রশ্ন- সাকিব ও মাশরাফি কি আবার ক্রিকেটে ফিরবেন? রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আড়ালে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার বিরুদ্ধে কিছু মামলাও রয়েছে। তবে ফারুক আহমেদ শোনালেন আশার কথা। জানান, আইনি বাধা না থাকলে মাশরাফিকে বোর্ডে স্বাগত জানানো হবে। বাংলাদেশের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে আজকের অবস্থানের পেছনে মাশরাফির অবদান মুছে ফেলার নয়। নিজে আগ্রহী হলে বিসিবিতে তাকে দেখা যেতে পারে। সাকিবের ফেরা নিয়েও আইনি প্রক্রিয়ার কথা মনে করিয়ে দেন তিনি। আইনি লড়াই শেষে ফিটনেস প্রমাণ করে সাকিবেরও দলে ফেরার সুযোগ রয়েছে। ফারুক আহমেদ বলেন, ‘সাকিব একজন খেলোয়াড়, একটি ব্র্যান্ড। একটু ঝালাই করলেই সে বাংলাদেশ টিমে খেলতে পারবে।’ মাঠের ক্রিকেটে মাশরাফির বীরত্বগাঁথা নিয়ে কারও সংশয় নেই। ফারুক আহমেদ জানান, সাবেক অধিনায়ক ও নির্বাচক হিসেবে তার নিজের অবদান যেমন কেউ অস্বীকার করতে পারবে না, মাশরাফির অবদানও ঠিক সেভাবেই অবিস্মরণীয়। ফারুক আহমেদ বলেন, ‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, তা ইতিহাসে লেখা থাকবে।’ দলে শৃঙ্খলা ফেরানো ও ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করায় তার নেতৃত্ব ছিল অনন্য। এদিকে আলোচনার মোড় ঘোরে ক্রিকেট বোর্ডের দিকে। পরিচালকদের পদত্যাগের বিষয়টি বিসিবি সভাপতি বেশ স্বাভাবিকভাবেই নেন। এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ঘরোয়া লীগ নিয়েও বোর্ডের ভাবনার কথা জানান তিনি। ক্লাবগুলো খেলতে না চাইলে বোর্ডের আসলে খুব বেশি কিছু করার থাকে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি, ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’সব মিলিয়ে দেশের ক্রিকেটে কোনো স্থবিরতা নেই। জাতীয় দলের খেলা ও ঘরোয়া আসরগুলো নিয়ম অনুযায়ী চলছে। সম্প্রতি পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল বড় জয় পেয়েছে। ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরেও খেলছেন। আগামী মাসে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। তাই বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত হওয়ার কিছু দেখছেন না ফারুক আহমেদ। দায়িত্বে থাকা সবার লক্ষ্য দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়া। আলোচনার শেষে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন বিসিবি সহসভাপতি। ভিত্তিহীন সংবাদ পরিহার করে গঠনমূলক আলোচনা প্রত্যাশা করেন তিনি। ফারুক আহমেদ বলেন, ‘আপনারা সত্যিটা তুলে ধরেন, সমালোচনা করেন, যাতে ক্রিকেট বোর্ড উন্নতি করতে পারে।’

Harun-Al-Rashid

২ মাস আগে

These are the faces of the fascist ally whom the VC of BCCB proposed their return. But the the galleries and audiences may throw rotten eggs to them to welcome their fast record of fascist ally.

মন্তব্য করুন