থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬ (স্টেজ-১)-এ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের আরচাররা। আজ কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের হাইভোল্টেজ ফাইনালে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ প্রতিনিধিরা। ব্যাংককের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলে প্রথমবারের মতো এশিয়ান কাপের এই ইভেন্টে স্বর্ণপদক জয়ের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।
হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চার সেটের লড়াইয়ে প্রথম তিন সেটেই দাপট দেখায় বাংলাদেশ (৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬)। শেষ সেটে ভুটান ১ পয়েন্টে জিতলেও (৫৬-৫৭) তা কেবল ব্যবধানই কমিয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ২৩১-২৩১ পয়েন্টে ড্র হওয়ার পর শুট-অফে ৩০-২৭ ব্যবধানে জিতে সেমিতে পা রেখেছিল বাংলাদেশ।
২০২১ সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপের লেগ ওয়ানেও ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আজ ভিয়েতনামকে হারাতে পারলে সেই আক্ষেপ ঘুচবে। ভিয়েতনাম অবশ্য সেমিফাইনালে ভারতকে ২৩৪-২৩৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে। এ কারণে ফাইনালে ভিয়েতনামকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না।
টুর্নামেন্টের চতুর্থ দিনে গতকাল রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে মো. রাকিব মিয়া ও সোনালী রায়ের জুটি কাজাখস্তানের কাছে ০-৬ সেটে পরাজিত হয়ে বিদায় নেন। অন্যদিকে, কম্পাউন্ড মিশ্র ইভেন্টে কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে ১৫৪-১৫৪ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। পরে শুট-অফে সিঙ্গাপুর ২০-১৮ ব্যবধানে জিতে গেলে কপাল পুড়ে নেওয়াজ আহমেদ ও কুলসুম আক্তারের। এর আগে নারী কম্পাউন্ড দল থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (২২৯-২৩০) হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। রিকার্ভ পুরুষ দলও শুরুতে ভিয়েতনামকে হারিয়ে চমক দিলেও শেষ আটে কাজাখস্তানের কাছে ৬-০ ব্যবধানে হেরে ছিটকে যায়।
এশিয়ান কাপ আরচারি
ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
