পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রায় একমাস বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। এই সময় পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসর মাতাবেন ছয় টাইগার ক্রিকেটার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাদের ছাড়াই খেলতে পারে বাংলাদেশ। এটিকে তরুণদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘সবসময় সব প্লেয়ারকে পাওয়া যাবে না। ইনজুরি বা ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। নতুনরা সুযোগ পেলে আমরা বুঝতে পারবো আমাদের বেঞ্চের শক্তি কতটা। আমার বিশ্বাস, দলের বাইরে থাকা ক্রিকেটাররা ছোট ফরম্যাটে দারুণ করবে।’
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। এ নিয়ে ব্যাটিং কোচ আশরাফুল বলেন, ‘২৭ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ শুধু ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে কাজ হবে। ৩ তারিখ বিরতি দিয়ে ৪ঠা এপ্রিল থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এই ক্যাম্পে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাটের খেলোয়াড়রাই থাকবেন।’
জাতীয় দলের খেলা থাকলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে ডাক পাওয়া ক্রিকেটার পুরো আসর না খেলে দেশে ফিরতে হয়। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের সিরিজের জন্য আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। আশরাফুল বলেন, ‘আগে যে জিনিসটা ছিল যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য মোস্তাফিজকে চেন্নাই থেকে নিয়ে এসেছিলাম, নকআউট ম্যাচ খেলতে দেইনি। এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আপনি যদি দেখেন যে ইউএই-এর কাছে আমরা সিরিজ হেরেছিলাম, সেখানে কিন্তু মোস্তাফিজ ছিল না, বিকজ অফ আইপিএল-এর জন্য। তো এটা একটা পজিটিভ দিক।’
পিএসএলের বর্তমান আসরের আগে কোথাও একসঙ্গে এত টাইগার ক্রিকেটারের ডাক পড়েনি। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল। তিনি বলেন, ‘পিএসএলে ২৫০ রান হচ্ছে, আবার সেই রান চেজও হচ্ছে। এমন হাই-কোয়ালিটি কন্ডিশনে আমাদের ছেলেরা খেলছে, ড্রেসিংরুম শেয়ার করছে- এটি আমাদের ক্রিকেটের জন্য বড় অর্জন। আগে কখনো এতগুলো প্লেয়ার একসাথে সুযোগ পায়নি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেঞ্চে চোখ আশরাফুলের
স্পোর্টস রিপোর্টার
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
