পাকিস্তানের হারে সেমিফাইনালে বাংলাদেশ

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখে শেষ চারের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ। মালদ্বীপের মালেতে গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের ফলাফলে কপাল খুলেছে লাল-সবুজ প্রতিনিধিদের। পাকিস্তানকে ৩-০ গোলে হারানো ভারত সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের শেষ চার খেলা নিশ্চিত হয়ে যায়। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ভারত। ২ মিনিটের মাথায় বিশালের গোলে লিড নেয় তারা। ১-০ ব্যবধানে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও দুইবার পাকিস্তানের জাল কাঁপান ভারতীয় যুবারা। গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। রোনান সুলিভানের জোড়া গোলে পাওয়া জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।
সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পেতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ড্র করলে বা হারলে রানার্সআপ হিসেবে শেষ চারে খেলবেন সুলিভানরা। অন্য গ্রুপ থেকে নেপালও ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, আগামী ১লা এপ্রিল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৩রা এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন