সেই রাতে রেলগেটে হেলাল ও মেহেদীর স্থলে দায়িত্বে ছিলেন অন্য দু’জন

ফন্ট সাইজ:

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। ওইদিন রাতে হেলাল উদ্দিন ও মেহেদী হাসানের পদুয়ার বাজার রেলগেটে ডিউটি ছিল। তবে তারা বদলি হিসেবে গেটম্যান নাজমুল হাসান ও ওয়েম্যান কাউসারকে দায়িত্ব দেন। সেদিন রাতে নাজমুল ও কাউসার দায়িত্বে ছিলেন। যদিও কাগজ-কলমে নাম ছিল হেলাল ও মেহেদীর।

এদিকে, গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী আক্তার দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে। র‌্যাব-১১ মামলার প্রধান আসামি হেলাল উদ্দিনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একাধিক সূত্রে জানা যায়, নাজমুল হাসান দায়িত্বের প্রতি অমনোযোগী। এ কারণে তাকে গুরুত্বপূর্ণ রেলগেটে দায়িত্ব দেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নাজমুল ও কাউসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, নির্দিষ্টভাবে জানা যায়নি। ওই লেভেল ক্রসিংয়ে সরজমিন তাদের স্থলে অন্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আরেকটি সূত্র জানায়, রেলওয়েতে বদলি দায়িত্ব রীতিমতো ঘটনা।

একজনের স্থলে অন্যজনের ডিউটি হরহামেশাই ঘটে এখানে। তদারকির অভাবে যা ধরা পড়ে না। কোথাও কোথাও স্টেশন মাস্টার দায়িত্ব দিয়ে যান সহকারী স্টেশন মাস্টারকেও। এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. আনিসুজ্জামান বলেন, এটি গভীর রাতের ঘটনা। দিনের বেলা হলে ভালোভাবে তদারকি করা যেত। গেটম্যান ও ওয়েম্যান বদল হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। যদি হয়েও থাকে, কাগজে-কলমে নাম থাকা হেলাল ও মেহেদী এ দায়িত্ব এড়াতে পারে না। এ বিষয়ে আমরা তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, গত শনিবার ঈদের দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হন।

এ ছাড়াও অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট নির্ধারিত সময়ে বন্ধ করতে পারেননি দায়িত্বরত গেটম্যানরা। এতেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় দায়িত্বে থাকা রেলের দুই গেটম্যান হেলাল ও মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়। দুইজনের বিরুদ্ধে মামলা হয়। প্রধান আসামি হেলাল উদ্দিনকে মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী শংকুচাইল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন