নাহিদ-শরিফুলদের নিয়ে আত্মবিশ্বাসী বাবর আজম

নাহিদ-শরিফুলদের নিয়ে আত্মবিশ্বাসী বাবর আজম

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে পেশোয়ার জালমি। এ দলের হয়েই পিএসএল মাতাবেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। এর আগে দলের বোলিং বিভাগ নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা নিরসনের আশ্বাস দিয়েছেন অধিনায়ক বাবর আজম। বুধবার লাহোরে অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে বাবরের দাবি, নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে তারা বোলিংয়ের ঘাটতি পূরণ করেছেন। গত কয়েক আসরে পেশোয়ারের মাথাব্যথার মূল কারণ ছিল তাদের নড়বড়ে বোলিং লাইনআপ। বিশেষ করে, ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে রেকর্ড ১৪ বার ২০০-র বেশি রান হজম করে তারা। এবার শরিফুল ইসলাম ও নাহিদ রানার মতো বোলারদের দলে পেয়ে স্কোয়াডকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ মনে করছেন বাবর। যদিও বিদেশি ক্রিকেটারদের পুরো আসরের জন্য পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে, টাইগার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন ১২ই এপ্রিল পর্যন্ত। এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরবেন তারা। শুধু টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমন এনওসি পেয়েছেন ২১শে এপ্রিল পর্যন্ত। নিজের দলের নতুন চুক্তিভুক্ত বোলারদের ওপর আস্থা রেখে বাবর বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। বিগত মৌসুমগুলোতে আমাদের বোলিং আক্রমণ নিয়ে যে প্রতিকূলতা ছিল, এবার (নতুন সাইনিংয়ের মাধ্যমে) আমরা তা সংশোধন করেছি এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করব। মূল বিষয় হচ্ছে পরিকল্পনার সঠিক প্রয়োগ। আপনি যে ধরনের বোলারই দলে নেন না কেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে তার কোনো দাম নেই। তাই ইনশাআল্লাহ, আমাদের পুরো মনোযোগ এখন মাঠের সঠিক (পরিকল্পনা) বাস্তবায়নের দিকে।’ ২০১৭’র চ্যাম্পিয়নদের দীর্ঘ দিন ধরে শিরোপার স্বাদ না পাওয়ার পেছনে বোলিং ব্যর্থতাকেই অনেকাংশে দায়ী করা হয়। এবার নাহিদ রানা ও শরিফুলের সঙ্গে ইফতিখার আহমেদ, আমির জামাল ও শাহনওয়াজ দাহানিদের নিয়ে সেই খরা কাটাতে মরিয়া পেশোয়ার। গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাবররা। সে দলের হয়ে খেলছেন আরেক টাইগার স্পিনার রিশাদ হোসেন। সব ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচেই দেখা হয়ে যেতে পারে জাতীয় দলের সতীর্থদের।
পেশোয়ার জালমি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), অ্যারন হার্ডি, সুফিয়ান মুকিম, ব্রায়ান বেনেট, তানজিদ হাসান তামিম, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শরিফুল ইসলাম, কাশিফ আলি, শাহনেওয়াজ দাহানি, ফারহান ইউসুফ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন