বিশ্বজয়ের স্মৃতিমাখা সেই লা বোম্বেনেরায় নামছে বিশ্বচ্যাম্পিয়নরা

বিশ্বজয়ের স্মৃতিমাখা সেই লা বোম্বেনেরায় নামছে বিশ্বচ্যাম্পিয়নরা

ফন্ট সাইজ:

২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে লা বোম্বেনেরায় নামে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়ে পরে শিরোপাও তুলে ধরে আলবিসেলেস্তেরা। সে কারণে রাজধানী বুয়েনস আয়ার্সের লা বোম্বেনেরা, যার আনুষ্ঠানিক নাম এস্তাদিও আলবার্তো হোসে আরমান্দো, স্টেডিয়ামটিকে অনেকে সৌভাগ্যের প্রতীকও মনে করে আসছেন। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সেই ঐতিহাসিক মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। আগামীকাল ভোরে প্রথম ম্যাচে আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর সোয়া ৫টায়।
দু’দলের ফিফা র‌্যাঙ্কিং ও শক্তি-সামর্থ্যের পার্থক্য আকাশ-পাতাল। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় আর্জেন্টিনা, মৌরিতানিয়া ১১৫তম। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে খেলে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে দুইবারের চ্যাম্পিয়নরা। সেই পথে একটি ইতিহাসও গড়বে আর্জেন্টিনা। কোনো এক বিশ্বকাপ আসরের পর পরবর্তী আসরের মধ্যে একটিও ইউরোপিয়ান দলের বিপক্ষে না খেলেই এবারই প্রথম নতুন আসরে যাবে তারা! অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ২০২৫ শেষ করে আর্জেন্টাইনরা। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে কুয়েতের কাছে ২-০ গোলের হারে কিছুটা ব্যাকফুটে রয়েছে মৌরিতানিয়া। উত্তর ও মধ্য আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর্জেন্টাইন ফুটবলারদের স্কালোনিকে মুগ্ধ করার এটিই শেষ সুযোগ।
অনুমিতভাবেই পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। টানা তিন ম্যাচে কোনো গোল হজম না করেই জয়রথে চেপে আছে তারা। ঘরের মাঠে সেই ২০২৩-এ উরুগুয়ের কাছে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের গ্লানিতে ডুবতে হয়নি আলবিসেলেস্তেদের। এমনকি ২০১৭’র পর কোনো আফ্রিকান দলের কাছে তাদের হারের রেকর্ডও নেই। প্রীতি ম্যাচগুলোর গুরুত্ব স্পষ্টভাবে শোনা যায় স্কালোনির গলায়। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের হাতে খুব কম ম্যাচ বাকি আছে। তাই প্রতিটি আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে দলের সম্মিলিত খেলার ধরনকে নিখুঁত করে তোলাই আমাদের মূল লক্ষ্য।’ আজকের ম্যাচটি মৌরিতানিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত লড়াই হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে পঞ্চম স্থানে ছিল উত্তর-পশ্চিম আফ্রিকার দেশটি । সেখানে তারা ১০ ম্যাচে করে স্রেফ ৪ গোল। কোচ আরিৎজ লোপেজ গারাই চাইবেন এই কঠিন চ্যালেঞ্জে ফুটবল বিশ্বকে চমক উপহার দিতে। তবে এর আগে মেসিবন্দনা শোনা যায় তার গলায়। ২০১৪-১৫ মৌসুমে লা লিগায় মেসির বিপক্ষে খেলা স্প্যানিশ সাবেক ফুটবলার গারাই বলেন, ‘মেসি অপ্রতিরোধ্য। বিশ্বের প্রতিটি কোচ তাকে আটকানোর জন্য কোনো না কোনো উপায় বের করার চেষ্টা করেছেন। তাকে থামানোর একমাত্র উপায় হলো, তার অবসর গ্রহণ। আমি তার বিরুদ্ধে খেলেছি এবং আমি নিশ্চিতভাবে জানি, তিনি এখন এবং গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়।’ চোটের কারণে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি লিওনার্দো বালের্দি এবং গঞ্জালো মন্তিয়েলের। শেষ ম্যাচে গোল করা লাউতারো মার্টিনেজও চোটের কারণে বাইরে। আজকের ম্যাচটি হুলিয়ান আলভারেজের জন্য বিশেষ। দেশের জার্সিতে এটি হবে এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার ৫০তম ম্যাচ। অন্যদিকে, দলের প্রাণভোমরা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলক থেকে মাত্র ৪ ম্যাচ দূরে। মৌরিতানিয়া দলে ডাক পেয়েছেন স্কটিশ লীগের ক্লাব রেঞ্জার্স তারকা জেইদি গাসামা এবং ফরাসি লীগ ওয়ানে অজের হয়ে খেলা জর্ডান লেফোর্ট। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচের অপেক্ষায় আছেন তারা। আজকের ম্যাচে জাল খুঁজে পেলে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন ৩০ বছর বয়সী মোক্তার এল হাচেন (৬)। ৭ গোল করে যৌথভাবে দুইয়ে আছেন বেসাম আহমেদ ও ইসমাইল দিয়াকাতে। ৮ গোলে যৌথভাবে শীর্ষে হেমায়া তানজি ও আবুবাকার কামারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন