দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জর্ডানকে হারানোর লক্ষ্য উমেহলাদের

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জর্ডানকে হারানোর লক্ষ্য উমেহলাদের

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের ব্যাংককে ভারতের বিপক্ষে লড়াকু ড্রয়ের পর এবার জর্ডান ম্যাচে চোখ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে দল। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে জর্ডানের আরো ভালো পারফরম্যান্স উপহার দেয়ার কথা জানান দলের মিডফিল্ডার উমেহলা মারমা। গতকাল অনুশীলন সেশনের পর মিডফিল্ডার উমেহলা মারমা জানান, ভারতের বিপক্ষে ড্রয়ের ফল পেছনে ফেলে এখন তাদের মূল লক্ষ্য ভুলগুলো শুধরে নেয়া। তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলেছি এবং আজ আমাদের ফোকাস ছিল রিকভারির দিকে। কোচ আমাদের ভুলগুলো নিয়ে কাজ করছেন। জর্ডানের বিপক্ষে পরের ম্যাচে আমরা সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো।’ এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের মূল লড়াইয়ের আগে এই দুটি প্রীতি ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন উমেহলা। দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘সবার প্রস্তুতিই খুব ভালো, আমার নিজেরও। আমরা জর্ডানের বিপক্ষে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করবো। এই দুটি প্রীতি ম্যাচ আমাদের আসন্ন এএফসি টুর্নামেন্টের জন্য খুব কাজে দেবে।’
গতকাল বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। বিদেশের মাটিতে এই বিশেষ দিনকে ভুলেননি

নারী ফুটবলাররা। অনুশীলনের সময় দেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করেন উমেহলা। তিনি বলেন, ‘২৬শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। এই দিনেই আমাদের দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। আমরা আমাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাবো এবং ভালো কিছু করার চেষ্টা করবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল নিজেদের রণকৌশল চূড়ান্ত করেছে। ভারতের বিপক্ষে ড্রয়ের পর জর্ডানের বিপক্ষে জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মূলমঞ্চে প্রবেশ করতে মরিয়া লাল-সবুজ কিশোরী ফুটবলাররা। গতকাল অনুশীলন শেষে সহকারি কোচ আবুল হোসেন বলেন, ‘আজকের প্রশিক্ষণ রিকভারি এবং টেকনিক্যাল সেশনে বিভক্ত ছিল। যারা গতকাল ৪৫ মিনিটের বেশি খেলেছে, তাদের জন্য ছিল রিকভারি সেশন। আর বাকিরা আলাদাভাবে টেকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছে।’ ভারতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দলের কৌশল ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন সহকারী কোচ। তিনি বলেন, ‘ভারত একটি ভালো দল, কিন্তু আমাদের মেয়েরা কৌশলগতভাবে খুব ভালো খেলেছে। সেখানে দুই-একটি ছোটখাটো ভুল ছিল, তবে ফুটবলে এমনটা হতেই পারে।’
আগামী ১লা এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্টের ড্র অনুযায়ী গ্রুপ ‘এ’-তে আছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ হলো শক্তিশালী চীন, ভিয়েতনাম এবং আয়োজক দেশ থাইল্যান্ড। সূচি অনুযায়ী, ১লা এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচেই তাদের মোকাবিলা করতে হবে স্বাগতিক থাইল্যান্ডের। ৪ঠা এপ্রিল শক্তিশালী চীনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ৭ই এপ্রিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ মেয়েরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন