পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরের দামামা বাজার আগমুহূর্তে বড়সড় রদবদলের ঘোষণা রাওয়ালপিন্ডি পিন্ডিজ শিবিরে। নবাগত দলটিতে ইংলিশ ব্যাটার লরি ইভান্স সরে দাঁড়ানোয় কপাল খুলেছে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার উসমান খাজার। এই দলের হয়েই পিএসএল মাতাবেন বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন।
ইভান্সের সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কারণ জানায়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খাজার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে পিন্ডিজ। ৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটারের জন্য এটি যেন এক নতুন সূচনা। সবশেষ অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান খাজা। একইসঙ্গে, শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলে শেষ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ার। তবে ব্যাট হাতে যে তিনি এখনও ক্ষুরধার, তার প্রমাণ দিয়েছেন বিগ ব্যাশ লীগে। ব্রিসবেন হিটের হয়ে তিন ইনিংসে প্রায় ১৪৯ স্ট্রাইক রেটে ১০৮ রান তুলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
পিএসএলে খাজা আগেও খেলেছেন। ২০২১-এ ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে সাত ইনিংসে ২৪৬ রান করেন তিনি। এর মধ্যে পেশোয়ার জালমির বিপক্ষে অপরাজিত ১০৫ রানের সেই বিধ্বংসী ইনিংসটি এখনও ভক্তদের মনে থাকার কথা। ধারণা করা হচ্ছে, পিন্ডিজের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে এ অজি তারকাকে।
পরিবর্তন এসেছে ইসলামাবাদ ইউনাইটেড শিবিরেও। চোটের কারণে ছিটকে গেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তার জায়গা নিয়েছেন ক্রিস গ্রিন। সর্বশেষ ২০১৯-এ মুলতান সুলতানসের হয়ে খেলেন এ অজি অফস্পিনার ।
রিশাদদের দলে উসমান খাজা
স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
