ঈদ ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

ঈদ ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

ফন্ট সাইজ:

দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ‘ইত্যাদি’ পুনঃপ্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতো এবারো ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। গানটি পরিবেশন করেছেন ঘর থেকেও যাদের ঘর নেই। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের আমন্ত্রণ জানানো হয়। দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ছয় কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গানটির মাধ্যমেই অভিনয় থেকে বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। বর্ণাঢ্য নৃত্যে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। দু’টি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামার একটিতে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি দলীয় সংগীতে অংশ নিয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ এবং অভিনেত্রী সাবিলা নূর। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। শতাধিক বিদেশিকে নিয়ে ছিল একটি শিক্ষণীয় নাটিকা। সঙ্গে ছিল বিদেশিদের অংশগ্রহণে নৃত্য। এ ছাড়াও ছিল প্রায় ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন