পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থার মধ্যেও নিজের আদর্শে অটল রয়েছেন। সম্প্রতি তার দুই ছেলে সুলাইমান ইমরান ও কাসিম খানের সঙ্গে কথা বলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন। সেখানে ইমরানের বর্তমান অবস্থা ও তার হার না মানা মানসিকতার কথা তুলে ধরেন তার দুই ছেলে। তারা জানান, নিজের নীতি থেকে সরে আসার চেয়ে ইমরান জেলে বসে মরতেও রাজি।
ইমরান পুত্রদ্বয়ের সঙ্গে কথা বলে বৃটিশ পত্রিকা ‘দ্য টাইমস’-এর একটি কলামে এসব বিষয়ে লেখেন আথারটন। চলতি বছরের জানুয়ারির পর গত শনিবার প্রথমবার টেলিফোনে বাবার সঙ্গে কথা বলার সুযোগ পান তার দুই ছেলে। ৭৩ বছর বয়সী ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গেছে। তবে ২৮ মিনিটের ফোনালাপে এই শারীরিক কষ্টকে তিনি নাকি হেসেই উড়িয়ে দিচ্ছেন। ছোট ছেলে কাসিম বলেন, ‘কর্তৃপক্ষ সেলে বিদ্যুৎ বন্ধ রাখা বা বই পড়তে না দেয়ার মতো কৌশল নিলেও, এগুলো বাবাকে আরও আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি এখন নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখছেন।’
বড় ছেলে সুলাইমান বাবার আপসহীন মনোভাবের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি প্রকাশ্যেই বলেছেন যে, নিজের নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরে যেতেও রাজি। ছোটবেলায় চাইতাম তিনি রাজনীতি ছেড়ে ক্রিকেট বিশ্লেষক হোন। তবে এখন বুঝি, বড় কোনো ঝুঁকি বা প্রভাব রাখা ছাড়া তিনি সুখী হতে পারতেন না।’
ছেলেরা আরও জানান যে, নিজের কষ্টের চেয়ে স্ত্রী বুশরা বিবির কারাবাস নিয়ে ইমরান বেশি চিন্তিত। ইমরান তার ছেলেদের বলেন ‘কর্তৃপক্ষ জানে যে, তারা আমাকে ভাঙতে পারবে না, আমি সবকিছু সামলাতে পারি। তবে যখন পরিবারের ওপর আঘাত আসে, তখন এটি কঠিন হয়ে পড়ে।’
১৯৯২তে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেয়া ইমরান ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ থেকে একের পর এক অভিযোগে এখন পর্যন্ত কারাবাস যাপন করছেন তিনি।

Md. Zamir Hussain
২ মাস আগেImran Khan Ex.P M of Pakistan and Ex. Captain of PK..Cricket.. I like him and also freedom..