রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমকে দায়মুক্তি দিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার চোটাক্রান্ত বাঁ হাঁটুর পরিবর্তে সুস্থ ডান হাঁটুতে এমআরআই করা হয়েছে, এমন খবরে যেন বোমা ফাটে ফুটবল বিশ্বে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সরাসরি নাকচ করে দিলেন এমবাপ্পে।
সেল্টা ভিগোর বিপক্ষে গত ডিসেম্বরে চোটে পড়েন ২৭ বছর বয়সী এমবাপ্পে। সম্প্রতি ফ্রান্সের ‘আরএমসি স্পোর্টস’ দাবি করে, রিয়ালের ডাক্তাররা ভুলবশত তার সুস্থ হাঁটু পরীক্ষা করায় তখন লিগামেন্টের চোট ধরা পড়েনি। ফলে চোট নিয়েই তিনি পরের তিনটি ম্যাচ খেলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বর্তমানে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের সাথে থাকা এমবাপ্পে বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন। সংবাদ সম্মেলনে বুধবার ভুল চিকিৎসার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ভুল হাঁটু পরীক্ষা করেছে, তথ্যটি সত্য নয়। পরিস্থিতির জন্য হয়তো পরোক্ষভাবে আমারও কিছুটা দায় আছে। কেননা, আপনি যখন নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানাবেন না, তখন ব্যাখ্যার অনেক পথ খোলা থাকে এবং সবাই নিজ থেকে সেটি পূরণের চেষ্টা করে।’
মাদ্রিদ ও ফরাসি ডাক্তারদের ফেব্রুয়ারিতে হওয়া যৌথ সভার পর এমবাপ্পের জন্য ‘কনজারভেটিভ ট্রিটমেন্ট’ বা রক্ষণশীল চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘ বিশ্রামের পর গত সপ্তাহে চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার সিটি ও মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে তিনি বদলি হিসেবে মাঠে নামেন।
নিজের বর্তমান অবস্থা নিয়ে তৃপ্ততা প্রকাশ করে রিয়ালকে ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি অনুশোচনা নিয়ে বাঁচার মতো মানুষ নয়। আমি বর্তমান ও নিকট ভবিষ্যত নিয়ে চিন্তা করি। আমি এখন ভালো বোধ করছি, বিশেষ করে আমার গুরুত্বপূর্ণ দুই হাঁটু নিয়ে। এর কৃতিত্ব আমার ক্লাবের, তারা আমার ফিটনেসের খুব ভালো যত্ন নিয়েছে। আমি এখানে (জাতীয় দলে) আসতে পেরে এবং খেলার জন্য সম্পূর্ণ সুস্থ হতে পেরে আনন্দিত।’
বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে আশাবাদী এমবাপ্পে
শতভাগ সুস্থতা ফিরে না পাওয়ায় বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির ব্রাজিল দলেও জায়গা হয়নি নেইমারের জুনিয়রের। কার্লো আনচেলোত্তি শেষ পর্যন্ত তাকে বিশ্বমঞ্চে ডাকবেন কি না, সেটি এখন অনেক বড় প্রশ্ন। তবে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) পুরনো সতীর্থকে নিয়ে এখনও আশাবাদী এমবাপ্পে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপ তারকাদের প্রতিযোগিতা। নেইমার আমার চোখে অন্যতম বড় তারকা। নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপ ভাবতেই পারছি না। তবে শেষ পর্যন্ত আমি আমার সাবেক কোচ আনচেলোত্তির বিপক্ষে যেতে পারব না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে।’
বিশ্বকাপের আগে শতভাগ সুস্থতা না মিললে মূল দলে কেউই ঢুকতে পারবে না, এ কথা শুরু থেকেই জানিয়ে আসছেন আনচেলোত্তি। সেলেসাও মহাতারকার এই প্রত্যাবর্তনের প্রতি বিশ্বাস রেখে এমবাপ্পে আরও বলেন, ‘নেইমার আমার চোখে এমন খেলোয়াড়, যে বড় পার্থক্য গড়ে দেয়। তার সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি। নেইমারকে আমি জানি, সে প্রস্তুত হয়ে যাবে। সেখানে (বিশ্বকাপ) থাকবে। তাকে আমি জানি।’
