ভোট দিতে সময় লাগে ৩ মিনিট, অভিযোগ জানালেন বিএনপির প্রার্থী

ভোট দিতে সময় লাগে ৩ মিনিট, অভিযোগ জানালেন বিএনপির প্রার্থী

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বলেন, ভোটের অধিকার ফিরে এসেছে। বাংলাদেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হবে। মানুষ ভোট, গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে ভালোবাসে। আজকের সুন্দর সকালে আমরা দেখতে পাচ্ছি- শান্তি প্রিয় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। আমি আশাবাদী কোনও অপশক্তি, কোনও পরাজিত গোষ্টি এদেশ শাসন করার অধিকার রাখে না। আমরা মনে করি, একাত্তরের দোসররা এখনও বিভিন্ন আবরণে এদেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে চায়। আজকের দিন ইতিহাসে ঐতিহাসিক দিন হিসাবে আখ্যায়িত হবে।

তিনি আরও বলেন, আজকে মানুষের যে উচ্ছাস আনন্দ ও অংশগ্রহণ দেখছি-এতে আমি জয়ের বিষয়ে আশাবাদী। তবে আমি দেখেছি- একটি ভোট প্রদান করতে প্রায় তিন মিনিট সময় লেগে যায়। এটার জন্য লোকবল যাই থাকুক, প্রত্যেক ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বাড়াতে হবে। এটার জন্য আমি আবেদন জানাচ্ছি। মানুষ যেন সহজেই ভোট দিতে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমূখ।
সূত্রমতে, ময়মনসিংহ-৪ সদর আসনে মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫০ হাজার ২৯১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১০ জন। এই আসনে সিটি করপোরেশনসহ ১১টি ইউনিয়নের ১৭৯টি কেন্দ্রের ১২৬৩ কক্ষে চলছে ভোটগ্রহণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন