এশিয়ান কাপ আরচারিতে ভুটানকে হারিয়ে নিশ্চিত রৌপ্য পদক, সোনার লড়াইয়ে প্রতিপক্ষ ভিয়েতনাম

এশিয়ান কাপ আরচারিতে ভুটানকে হারিয়ে নিশ্চিত রৌপ্য পদক, সোনার লড়াইয়ে প্রতিপক্ষ ভিয়েতনাম

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের লেগ ওয়ান রাউন্ডের খেলা চলছে। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল। সেমিফাইনালে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল গতকাল ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায়। এ জয়ে ফাইনালে ওঠার পাশাপাশি রৌপ্য পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে লাল-সবুজ প্রতিনিধিরা। আগামীকাল সোনার লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা সেমিফাইনালে ভারতকে ২৩৪-২৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে ওঠেছে।
২০২১ সালেও চীনের গুয়াংজুতে এশিয়া কাপ আরচারির লেগ ওয়ানে রৌপ্য পায় বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয় তাদের। তবে এবার আক্ষেপ ঘুচানোর মোক্ষম সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জিতবে বাংলাদেশ।
এসএটি ফুটবল স্টেডিয়ামে শেষ চারে উঠার লড়াইয়ে ভুটানে র বিপক্ষে দারুণ শুরু পায় লাল-সবুজ প্রতিনিধিরা। প্রথম তিন সেটে দাপট দেখায় বাংলাদেশ। ৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায়। চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায় ভুটান। ৫৭-৫৬ স্কোরে সেটটি জিতে নিলেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
পুরুষ দল সাফল্যের হাসি হাসলেও আক্ষেপে পুড়তে হয় নারী কম্পাউন্ড দলকে। শেষ চারে ওঠার লড়াইয়ে আয়োজক থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। বাংলাদেশ ২২৯ স্কোর করলেও থাইল্যান্ড ২৩০ তুলে সেমিফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশ দলের হয়ে লড়েন বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তার।
আশা দেখিয়ে ব্যর্থ আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া রিকার্ভ পুরুষ দল। দারুণ শুরু করেও শেষ আটে থেমেছে তাদের যাত্রা। শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে চমক দেখালেও শেষ চারে উঠার লড়াইয়ে কাজাখস্তানের কাছে ৬-০ স্কোরে হেরে বিদায় নেন আলিফ-রাকিবরা। ২০২৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ-২ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে আলিফ রিকার্ভ (পুরুষ) ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। ফাইনালে জাপানের গাকুটুকে ৬-৪ সেটে পরাজিত করেন আলিফ। তার আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।
এবারের এশিয়া কাপ ওয়ার্ল্ড র?্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগে মোট ১০ জন বাংলাদেশি আরচার অংশ নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৬ ও নারী আর্চার ৪ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন