২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও বার্তা। পোস্টের মাঝে নেই কোনো ক্যাপশন। ভিডিওর শুরুতে মোহাম্মদ সালাহর গোল আর দু’হাত প্রসারিত উদ্যাপনের দৃশ্য দেখা গেল। প্রিমিয়ার লীগের গত মৌসুমে পাওয়া গোল্ডেন বুট ট্রফিটিও ছিল। এরপর ট্রফি কেইসের সামনে একটি চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলে নিজের আবেগ সামলানোর চেষ্টা করলেন সালাহ। ভারী কণ্ঠে বললেন, ‘হ্যালো এভরিওয়ান, দুর্ভাগ্যবশত দিনটি চলেই এলো...।’ দীর্ঘ ৯ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে লিভারপুল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ‘মিশরীয় রাজা’ খ্যাত মোহাম্মদ সালাহ। লিভারপুল অধ্যায় শেষে কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। বৃটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে সৌদি প্রো লীগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা হয়েছে সালাহর। এ তারকা ফুটবলারকে পেতে মোটা অঙ্কের প্রস্তাবও নাকি দেয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সালাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় সালাহ চলতি মৌসুম শেষে অলরেডদের ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘দুর্ভাগ্যবশত দিনটি চলেই এলো। এটি আমার বিদায় বার্তার প্রথম অংশ। আমি এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ছি। আমি কখনো কল্পনাও করিনি যে এই ক্লাব, এই শহর আর এখানকার মানুষেরা আমার জীবনের এতটা গভীরে মিশে যাবে।’ লিভারপুলকে কেবল একটি ক্লাব নয়, বরং একটি ‘চেতনা’ হিসেবে উল্লেখ করে সালাহ বলেন, ‘আমরা জয় উদযাপন করেছি, ট্রফি জিতেছি এবং কঠিনতম সময়ে একে অপরের পাশে থেকে লড়াই করেছি।’ ২০১৭ সালে রোমা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে আসা সালাহ গত এপ্রিলে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি করেন। তবে এক বছর আগেই সেই সম্পর্ক ছিন্ন করার নেপথ্যে কোচ আর্নে স্লটের সঙ্গে তার তিক্তকর অভিজ্ঞতা। গত ডিসেম্বরে টানা তিন ম্যাচে একাদশের বাইরে থাকা সালাহ প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে নিজেকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ তুলেছিলেন। যদিও পরে তিনি একাদশে ফেরেন এবং চলতি মৌসুমে ১০ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তবে ভেতরের ক্ষত যে শুকায়নি, তা এই আকস্মিক ঘোষণা থেকেই স্পষ্ট।
লিভারপুলের জার্সিতে সালাহর অর্জন অভাবনীয়। ক্লাবের হয়ে ৪৩৫ ম্যাচে রেকর্ড ২৫৫ গোল করে তিনি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। তার উপস্থিতিতে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লীগ, একটি চ্যাম্পিয়নস লীগ, এফএ কাপ, লীগ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। ব্যক্তিগত অর্জনে সালাহ আরও অনন্য। প্রিমিয়ার লীগে চারবার গোল্ডেন বুট এবং তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৫) পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন । গত মৌসুমেও ৩৯টি গোলে সরাসরি অবদান রেখে তিনি এক মৌসুমে গোল ও অ্যাসিস্টের বিরল রেকর্ড ছুঁয়েছিলেন।
লিভারপুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও ভবিষ্যতের স্বচ্ছতা নিশ্চিত করতে সালাহ এই ঘোষণা দিয়েছেন। ভিডিওর শেষ দিকে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাহ বলেন, ‘তোমরা আমাকে আমার জীবনের সেরা সময়টা দিয়েছো, আমি সবসময় তোমাদের একজন হয়েই থাকবো। আমার ও আমার পরিবারের কাছে এই ক্লাব সবসময় ঘর হয়ে থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ।’
লিভারপুল ছাড়ছেন সালাহ
স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
