জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম উৎসবমুখর পরিবেশের নির্বাচন উপহার দিব তা পূরণ হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম। এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইসকাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
এএমএম নাসির উদ্দিন বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়ন হচ্ছে বলেই মনে করছি । জাতিকে সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার যে ওয়াদা দিয়েছিলাম, আশা করি তা পূরণ হবে। ট্রেনে বাসে লঞ্চে সবাই বাড়ি চলে গেছে ভোট দেয়ার জন্য। সবাই নির্বাচন উৎসবে মেতেছে।
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন সামান্য ভুলত্রুটি হলেও দ্রুত তা সমাধান করা হয়েছে । টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপির নেতারা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলেছেন। এই সৌহার্দ্য দেখে ভাল লেগেছে। দাবি করেন, দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট। নির্বাচন পরিচালনায় ১৭ লক্ষ লোক নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো।
তিনি আরও বলেন, ‘পাতানো নির্বাচন হচ্ছে কি না সেটা জনগণই বলবে। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে,’ যোগ করেন এএমএম নাসির উদ্দিন।

A R Sarker
৫ মাস আগেএই ধারা অব্যাহত থাকুক। এই দোয়া করি।