কমলগঞ্জের লাউয়াছড়া বনে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন থেকে পড়ে জোবায়ের আহমেদ নামে এক ট্রেন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল লাউয়াছড়া বনের মাগুরছড়া রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহমেদ কমলগঞ্জের সরইবাড়ি গ্রামের চেরাগ মিয়ার ছেলে।
ঘটনাস্থলে আলাপকালে নিহতের খালাত ভাই শামীম আহমেদ বলেন, কোরআনে হাফিজ জোবায়ের লেখাপড়া করতো ভৈরবে। ঈদে তার সাথে বেড়াতে আসি নানা বাড়িতে। সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ভানুগাছ স্টেশনে যাবার পথে হঠাৎ ট্রেনের ছাদে উঠলে ট্রেন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ও কমলগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই বিল্লাল আহমেদ বলেন, শুনেছি ট্রেনের ছাদে উঠে ভানুগাছ রেলওয়ে স্টেশনে আসার পথে বনের গাছের ডালের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে ছুটে এসেছি। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
