ক্রিকেটার থেকে আইপিএলে আরসিবির মালিক হওয়া কে সেই আর্যমান

ক্রিকেটার থেকে আইপিএলে আরসিবির মালিক হওয়া কে সেই আর্যমান

ফন্ট সাইজ:

২০১৮ সালের আইপিএল নিলামে আর্যমান বিড়লাকে ৩০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেই আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ২০২০ সালের আগে রাজস্থান আর্যমানকে ছেড়ে দেয়। ডাগআউটে বসে সুযোগের অপেক্ষায় থাকা সেই বিড়লাই এখন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিক। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম প্রায় ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে আরসিবি কিনে নেয়ার পর দলটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ২৮ বছর বয়সী আর্যমান।

আদিত্য বিড়লা গ্রুপের কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার ছেলে আর্যমান ব্যবসায়ী হওয়ার আগে একজন পেশাদার ক্রিকেটার ছিলেন। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৪১৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। আরসিবির বর্তমান অধিনায়ক রজত পাতিদার এক সময় আর্যমানের সতীর্থ ছিলেন।
পাঁচবছর আগে রাজস্থান আর্যমানকে ছেড়ে দিলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন তিনি। সেই সময ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মানসিক শান্তিই এখন আমার কাছে সবথেকে বড়।’ এরপর আর ক্রিকেটে না ফিরে বাবার ব্যবসায় মনোনিবেশ করেন আর্যমান।

ডিয়াজিও-র কাছ থেকে আরসিবির পুরুষ ও নারী-উভয় দলেরই ১০০ শতাংশ মালিকানা এখন বিড়লা গ্রুপের হাতে। নতুন দায়িত্ব নিয়ে আর্যমান বলেন, ‘আরসিবির পরবর্তী ধাপের পথচলা সাজাতে এই অংশীদারিত্বের সাথে যুক্ত হতে পারা এক বিশাল সৌভাগ্যের। ক্রীড়া ও মিডিয়া সম্পর্কে আমাদের গভীর বোঝাপড়া এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
যে ক্রিকেটার এক সময় আইপিএলে একটি ম্যাচ খেলার স্বপ্ন দেখতেন, আজ তিনিই বিরাট কোহলি-স্মৃতি মান্ধানাদের দলের মালিক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন