ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য দেখালো বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল। আজ সেমিফাইনালে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি অন্তত একটি রৌপ্য পদক নিশ্চিত করলো লাল-সবুজ প্রতিনিধিরা। সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ কীর্তি গড়ে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল।
হিমুদের লক্ষ্য এখন সোনার পদক। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে লাল-সবুজ দল সেমিফাইনালে পা রাখে। ২০২১ সালেও চীনের গুয়াংজুতে এশিয়া কাপের লেগ ওয়ানে রুপা জিতেছিল বাংলাদেশের এই পুরুষ কম্পাউন্ড দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয়েছিল তাদের।
পুরুষ দল সাফল্যের হাসি হাসলেও আক্ষেপে পুড়তে হয়েছে নারী কম্পাউন্ড দলকে। শেষ চারে ওঠার লড়াইয়ে আয়োজক দেশ থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরেছে তারা। বাংলাদেশ ২২৯ স্কোর করলেও থাইল্যান্ড ২৩০ তুলে সেমিফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশ দলের হয়ে লড়েন বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তার।
আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া রিকার্ভ পুরুষ দল দারুণ শুরু করেও শেষ আটে গিয়ে থমকে গেছে। শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে চমক দেখালেও কাজাখস্তানের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
