ঈদ শেষে কর্মস্থলে ফেরা, গাজীপুর মহাসড়কে স্বস্তির যাত্রা

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। ঢাকাসহ শিল্পাঞ্চল গাজীপুরমুখী মানুষের ঢল থাকলেও মহাসড়কে এবার দেখা গেছে স্বস্তিদায়ক যান চলাচল। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বিভিন্ন সড়কে যানবাহনের চাপ লক্ষ্য করা যায়। তবে অন্য বছরের মতো তীব্র যানজটের কোনো চিত্র দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই চলাচল করেছে যানবাহন, ফলে যাত্রীদের ভোগান্তিও ছিল তুলনামূলক কম। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। এতে করে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। কর্মস্থলে ফেরা শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ মানুষ জানিয়েছেন, এবারের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। যানজট না থাকায় সময় ও ভোগান্তি- দুটোই কম হয়েছে। একজন যাত্রী বলেন- ভালোভাবেই আসতে পারছি, রাস্তায় কোনো যানজট নাই। পুলিশ রাস্তায় আছে, তাই কোনো সমস্যা হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, সঠিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মহাসড়কে স্বাভাবিক গতি ফিরে এসেছে। ফলে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা হয়েছে নিরাপদ ও স্বস্তির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন